স্পোর্টস রিপোর্টার
তিন জনই টপঅর্ডার ব্যাটসম্যান। তিন জনই সর্বশেষ সময়টাতে ছিলেন দারুণ ফরমে। আর বাংলাদেশের ভবিষ্যত্ তারকা মনে করা হয় লিটন দাস ও সৌম্য সরকারকে। নিজের লাইভ শোতে তামিম ইকবাল বললেন, এই দুই জনের ক্ষমতা আছে বাংলাদেশের সব রেকর্ড ভেঙে ফেলার।
তামিম বলছিলেন, ‘সত্যি কথা বলতে কি লিটন, আমি এখনো বললাম, তুই ও সৌম্য যে ধরনের খেলোয়াড়, এই রেকর্ডগুলো যদি কেউ ভাঙতে পারে, তোরাই ভাঙবি। আমার কথাটা ধরে রাখিস। সৃষ্টিকর্তা তোদের বিশেষ কিছু প্রতিভা দিয়েই বাংলাদেশে পাঠিয়েছে। হয়তো বা মাঝে মাঝে আমরা খুব তাড়াতাড়ি সমালোচনা শুরু করে দিই। কিন্তু তোরা যত বেশি খেলবি বাংলাদেশের জন্য, তত বেশি রেকর্ড ভাঙবি। আজ থেকে সাত বছর পর এসে বলিস, আমি এই কথাটা বলেছিলাম।’
এর মধ্যে লিটন বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংসও খেলেছেন। তবে তামিমের পছন্দ বিশ্বকাপে তার করা ৯৪ রানের ইনিংস। সেই ইনিংসটার কথা বলতে গিয়ে লিটন নিজে বলছিলেন, ‘সাকিব ভাই সে ফ একটা কথাই আমাকে বলছিলেন, ‘তুমি সে ফ সিঙ্গেল নিয়ে স্ট্রাইক রোটেট করে খেলতে থাকো।’ আমিও চেষ্টা করছিলাম, এক-এক করে নেওয়ার জন্য, নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য। যখন খেলাটা একবারে আমাদের ক্লোজে চলে আসে, তখন আমি আমার ন্যাচারাল খেলা খেলতে পারছি। তবে আমার কাছে মনে হয়, ঐ ইনিংসে আমার যত না কৃতিত্ব, তার চেয়ে বেশি কৃতিত্ব সাকিব ভাইয়ের। কারণ, তার কিছু কথা, পাশাপাশি উনি যেভাবে বোলারদের খেলছিলেন, সেই জিনিসটা আমাকে নন স্ট্রাইকে অনেক সাহায্য করেছে।’