স্পোর্টস রিপোর্টার
আবুধাবি টি-১০ ক্রিকেট লিগে বাংলা টাইগার্স দলের টিম ডিরেক্টর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ল্যান্স ক্লুজনার। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় দলটি। আগামী ১৯ থেকে ২৮ নভেম্বর আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা টি-১০ লিগের চতুর্থ আসর।
খেলোয়াড় জীবনে দুর্দান্ত অলরাউন্ডার ছিলেন ক্লুজনার। পরে কোচিংয়ে জড়িত হয়েছেন। বিপিএলে রাজশাহী কিংসের কোচ ছিলেন। বর্তমানে আফগানিস্তানের হেড কোচের দায়িত্বে আছেন এই প্রোটিয়া কোচ।
আবুধাবি টি-১০ লিগের গত আসরে তৃতীয় হয়েছিল বাংলা টাইগার্স। দলটির চেয়ারম্যান এবং এফএমসি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন চৌধুরী বলেছেন, টুর্নামেন্টের এবারের আসরেও শক্তিশালী দল গঠন করতে যাচ্ছে বাংলা টাইগার্স। যার অংশ হিসেবেই দলের সঙ্গে যুক্ত করা হয়েছে ক্লুজনারকে।