বরিশাল অফিস ও মুলাদী সংবাদদাতা
বরিশাল জেলার মুলাদীতে মসজিদের জমি নিয়ে পক্ষে-বিপক্ষে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। রবিবার বেলা ১২টায় মুক্তিযোদ্ধাদের একটি অংশ মসজিদের বিপক্ষে এবং বেলা সোয়া ১২টায় অপর একটি গ্রুপ মসজিদের পক্ষে মানববন্ধন করে। মুলাদী বন্দর বায়তুল জান্নাত জামে মসজিদের জমিতে মসজিদ কমিটি দোকানঘর নির্মাণ করতে গেলে মুক্তিযোদ্ধারা ঐ জমি তাদের কবরস্থানের জন্য বরাদ্দ বলে দাবি করলে বিরোধের সৃষ্টি হয়। অন্যদিকে ঐ জমি মসজিদের দাবি করে বিক্ষুব্ধ মুসল্লিরা গত শনিবার উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন।
জানা গেছে, গত ১৫ মে মুলাদী বন্দর বড়ো মসজিদ কমিটি তাদের নিজস্ব সম্পত্তিতে ঘর নির্মাণ শুরু করে। ১৬ মে সকালে কে বা কারা ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশকে জানায় যে, মুক্তিযোদ্ধাদের কবরস্থান দখল করে মসজিদ কমিটি ঘর নির্মাণ করছে। ঐ সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধের চেষ্টা চালায়। এসময় মসজিদ কমিটি তাদের স্বপক্ষে কাগজপত্র দেখালে পুলিশ ফিরে যায়। বিক্ষুব্ধ মুসল্লিরা এই ষড়যন্ত্রের প্রতিবাদে ঐদিন বিকালে বিক্ষোভ মিছিল করে।
অপরদিকে পুলিশ কাজ বন্ধ না করায় গতকাল রবিবার মুক্তিযোদ্ধা মো. ইব্রাহিম খান, সন্তান কমান্ড অলিউল্লাহ মিমনের নেতৃত্বে একটি গ্রুপ মুক্তিযোদ্ধা সংসদের সামনে মানববন্ধন করে এবং ঐ জমিতে মুক্তিযোদ্ধাদের কবরস্থান নির্মাণের দাবি জানান। পরে মুক্তিযোদ্ধা শাহ আলম খানের নেতৃত্বে একটি গ্রুপ মসজিদের জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেন।