প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি : তোফায়েল

বিশেষ প্রতিনিধি

সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। করোনা ভাইরাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী যেসব নির্দেশনা দিয়েছেন, সেগুলো যথাযথভাবে মেনে চললে আমাদের কোনো সমস্যা হবে না। গতকাল দুপুরে বনানীর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলা উপজেলা প্রায় ১ হাজার ৭০০ ঈমাম ও মুয়াজ্জিন এবং ১০০ মন্দিরের পুরোহিতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।   

তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি গরিবের মাঝে আড়াই হাজার করে টাকা দিয়েছেন। ভোলার মানুষও এটা পেয়েছেন। আমরা বয়স্ক ভাতা দেই, বিধবা ভাতা দেই। বিভিন্ন সময় চাল দিয়েছি। অর্থ দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে। তিন বারে ৩০ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছি। আগামী ২০ ও ২১ তারিখে আরো ১০ হাজার মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করব। যাতে তারা রোজা ঈদ সুন্দরভাবে কাটাতে পারে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত রিলিফ দিয়েছেন। এত অর্থনৈতিক সাহায্য করেছেন। যা অতীতে কোনো দিন হয়নি। ভবিষ্যতেও হবে বলে আমার মনে হয় না।

ভোলা প্রান্তে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন দুলু, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।