ভ্যান চালিয়ে লাশ মর্গে নিয়ে দৃষ্টান্ত স্থাপন পুলিশ কনস্টেবলের

পুরস্কৃত করলেন গাজীপুর

পুলিশ কমিশনার

গাজীপুর প্রতিনিধি

অজ্ঞাতনামা মৃতদেহ মর্গে পৌঁছে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার কনস্টেবল রুবেল মিয়াকে পুরস্কৃত করলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন। রবিবার সকালে পুলিশ কমিশনার তার কার্যালয়ে ডেকে নিয়ে রুবেল মিয়াকে পুরস্কৃত করেন।

গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, করোনা ভাইরাস প্রকোপে সারাদেশে বিভিন্ন জায়গায় অজ্ঞাতনামা কোনো লাশ দেখলে যেখানে মানুষ পালিয়ে বেড়ায় সেখানে দায়িত্বরত পুলিশ কনস্টেবল রুবেল মিয়া অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে নিজেই ভ্যান চালিয়ে লাশ মর্গে পৌঁছে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এ মানবিক কাজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই বিষয়টি নজরে আসলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার নিজেই ডেকে এনে মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ রুবেল মিয়াকে পুরস্কৃত করেছেন।  উল্লেখ্য, গত শুক্রবার রাতে গাছা থানা এলাকায় সাইনবোর্ড কাঁচা বাজারের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে রাস্তার ওপর অজ্ঞাতনামা পুরুষের (৬২) ঐ মৃতদেহ পড়ে ছিল।