করোনা ভাইরাসের উত্স নিয়ে আন্তর্জাতিক তদন্তে সমর্থন ভারতের

করোনা ভাইরাসের সূত্রপাত নিয়ে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের ক্ষেত্রে সমর্থন জানিয়েছে ভারত। বাংলাদেশ আগেই এতে সমর্থন জানিয়েছে। কোভিড-১৯ এর উত্স এবং প্রথমদিকে কীভাবে তা ছড়িয়েছে সে সম্পর্কে তথ্য পাওয়া গেলে তা এই রোগ মোকাবিলায় সহায়তা করবে। গত বছর চীনের উহান শহরে একটা বন্যপ্রাণী বিক্রির বাজার থেকে এই ভাইরাসের উত্পত্তি বলে ধারণা করা হয়। চীন এই তদন্তকে আগেই প্রত্যাখ্যান করেছে। খবর হিন্দুস্তান টাইমসের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক বৈঠক আজ অনুষ্ঠিত হচ্ছে। তদন্তের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া। আজকের বৈঠকে বর্তমান মহামারি থেকে শিক্ষা নিয়ে আগামীতে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবিলার বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত কূটনীতিকরা জানিয়েছেন, তদন্তের জন্য একটি খসড়া প্রস্তার তৈরি করা হয়েছে। এতে বাংলাদেশ, কানাডা, রাশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, তুরস্কসহ ৬২ টি দেশ সমর্থন জানিয়েছে। তবে খসড়া প্রস্তাবে ‘চীন কিংবা উহান’র নাম উল্লেখ করা হয়নি।

ইউরোপীয় ইউনিয়নের একটি রিপোর্টে অভিযোগ আনা হয়েছে, চীন এই সঙ্কট সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছিল। ঐ রিপোর্টে বলা হয়, রাশিয়া এবং কিছুটা কম করে হলেও চীন, ইউরোপীয় ইউনিয়ন ও তার প্রতিবেশি দেশগুলোকে লক্ষ্য করে ‘ষড়যন্ত্র তত্ত্ব’ ছড়ায়। আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পও এই প্রাদুর্ভাব মোকাবিলায় চীনের ভূমিকা নিয়ে বারবার চীনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তবে উহানের এক গবেষণাগারে এই ভাইরাস তৈরি করা হয়েছিল এমন জল্পনায় জল ঢেলে দিয়েছেন বিজ্ঞানীরা।