রপ্তানিকারকদের ইডিএফ ঋণের সীমা বাড়লো

নভেল করোনা ভাইরাসের ক্ষতি মোকাবেলায় রপ্তানিকারকদের ঋণ সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে তারা রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে সর্বোচ্চ ৩ কোটি ডলার (২৫৫ কোটি টাকা) ঋণ নিতে পারবেন। এতদিন এই সীমা ছিল আড়াই কোটি ডলার (২১২ কোটি টাকা)। অর্থাত্ করোনা সংক্রমণের কারণে আগের তুলনায় ৪৩ কোটি টাকা বেশি ঋণ নিতে পারবেন। গতকাল রবিবার এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। 

সূত্র জানায়, করোনার সংক্রমনের ক্ষতি মোকাবেলায় বিভিন্ন খাতের মত রপ্তানিখাতেও প্রণোদনা ঘোষণা করেছে সরকার। এরমধ্যে ইডিএফ তহবিলের আকার ৩৫০ কোটি ডলার থেকে বাড়িয়ে ৫০০ কোটি ডলার করা হয়েছে। টাকার অঙ্কে তহবিলের আকার বেড়েছে ১২ হাজার ৭৫০ কোটি টাকা। এই তহবিলের সুদহার কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। গতকাল জারি করা এ  সংক্রান্ত সার্কুলারে বলা হয়েছে, এতদিন তৈরি পোশাক রপ্তানীকারকরদের সংগঠন বিজিএমইএ এবং বস্ত্রশিল্পমালিকদের সংগঠন বিটিএমএভুক্ত সদস্যরা ইডিএফ থেকে ২কোটি ৫০ লাখ ডলার ঋণ নিতে পারতেন। এখন থেকে নিতে পারবেন ৩ কোটি ডলার। আগামী ৩১ ডিসেম্বর  পর্যন্ত  বর্ধিত সীমা পর্যন্ত ঋণ নেওয়া  যাবে।  উল্লেখ্য, ইডিএফ কেন্দ্রীয় ব্যাংকের  একটি তহবিল। শুধু রপ্তানিকারক বৈদেশিক মুদ্রায় এই ঋণ নিতে পারেন।  ##