ঈদ উপলক্ষ্যে ঢাকার বাইরে যাওয়া যাবে না :আইজিপি

আইজিপি ড. বেনজির আহমেদ বলেছেন, ঈদ উপলক্ষ্যে ও সরকারঘোষিত বর্ধিত ছুটি উদ্যাপনের জন্য অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন। এটি কোনোভাবেই হতে দেওয়া যাবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী জনগণের সার্বিক কল্যাণের জন্য যে সব নির্দেশনা দিয়েছেন, তা সবাইকে যথাযথভাবে অনুসরণ করতে হবে। সাধারণ মানুষকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

গতকাল রবিবার সকাল ১১টা হতে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টাব্যাপী মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন আইজিপি। সংশ্লিষ্ট সব পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিয়ে তিনি বলেন, সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত যেন কোনোভাবেই বাইরে থেকে ঢাকায় এবং ঢাকা থেকে বাইরে কেউ যেতে না পারেন। একইভাবে প্রতিটি জেলা ও মহানগরীও জনস্বার্থে কঠোরভাবে এ বিষয়টি বাস্তবায়ন করবে।

শপিংমল ও মার্কেটসমূহ যেন যথাযথ নিয়মকানুন ও স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা হয় সেটি নিশ্চিত করতে বলেন তিনি। সব ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধির যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করেন।

অনলাইন সভায় বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে বাংলাদেশ পুলিশের যে সব দেশপ্রেমিক বীর সদস্য আত্মোত্সর্গ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের সদস্যরা জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে হাসি মুখে জীবনের ঝুঁকি নিয়েছেন এবং নিচ্ছেন। অনেক সদস্য এরই মধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত দেশপ্রেমিক এ ত্যাগী পুলিশ সদস্যদের সুচিকিত্সা ও কল্যাণের জন্য সম্ভবপর সব উদ্যোগের কথা তিনি পুনর্ব্যক্ত করেন। দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের নিজেদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করতে বলেন আইজিপি।