মানুষ মরছেন, ব্রাজিলের প্রেসিডেন্ট সেলফি তুলছেন

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত ব্রাজিল। দেশটিতে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। দৈনিক মারা যাচ্ছে প্রায় ৫০০ জনের বেশি মানুষ। তবে দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারো এসবে পাত্তা দিচ্ছেন না! মানছেন না সামাজিক দূরত্বও।   

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রবিবার প্রেসিডেন্ট প্রাসাদের সামনে জড়ো হওয়া সমর্থকদের ভিড় থেকে নেওয়া তিন জন বাচ্চার সঙ্গে সেলফি তুলেন। এছাড়া এক ভিডিওতে তিনি বিক্ষোভকে স্বাগত জানান।  

প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বলেন, সর্বোপরি (জনগণ) স্বাধীনতা চায়, গণতন্ত্র চায়, সম্মান চায়। 

এদিকে গত এক মাসের মধ্যে  জাইর বোলসোনারোর সঙ্গে মতবিরোধের জেরে দেশটির দুই স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন।

ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোর মেয়র ব্রুন কভাস বলেন, শহরের সরকারি হাসপাতালগুলো ৯০ শতাংশ পূর্ণ হয়ে গেছে এবং দুই সপ্তাহের মধ্যে আর কোন জায়গা খালি থাকবে না। করোনা রোগীদের সামাল দিতে শিগগিরই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়বে বলে জানান তিনি।

দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৮০ জন। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় দেশটির অবস্থান চতুর্থ। সেইসঙ্গে দেশটিতে মৃতের সংখ্যা ১৬ হাজার ১২২ জন।

তবে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসেবের চেয়ে অনেক বেশি। সূত্র: বিবিসি, আল জাজিরা, জন্স হপকিন্স ইউনিভার্সিটি।

ইত্তেফাক/এসআর