স্পোর্টস রিপোর্টার
উইকেটরক্ষক হিসেবে স্লেজিং করতে হয়। আবার ব্যাটসম্যান হিসেবে স্লেজিং সহ্য করতে হয়। ফলে স্লেজিং ব্যাপারটা নিয়ে খুব ভালো অভিজ্ঞতা আছে মুশফিকুর রহিমের। গতকাল একটি লাইভ অনুষ্ঠানে মুশফিক বলেছেন, এখনকার ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে বেশি স্লেজিং করে ভারতীয়রা। আর তাতে সেরা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিই।
ভারতীয়দের স্লেজিং নিয়ে বলতে গিয়ে মুশফিক এই অনুষ্ঠানে বলছিলেন, ‘টপ অর্ডারে ব্যাটিং করে তাদের সবাইকে ভারতীয়রা বেশি স্লেজিং করে। আর এই কাজে ভারতের অধিনায়ক বিরাট কোহলি রাখেন অগ্রণী ভূমিকা। শুধু আমাকে নয়, সবাইকেই তিনি স্লেজ করে থাকেন।’
ভারতের সঙ্গে বাংলাদেশের খেলাটা যে একটা দ্বৈরথে পরিণত হয়েছে, সেটাও মুশফিক বলছিলেন। তিনি বলেছেন, ‘আমরা হয়তো ভারতের সঙ্গে নিয়মিত জিতি না, তবে আমাদের এমন এমন জয় আছে, যা ভারতীয়দের এখনো পোড়ায়। কিছু কিছু জায়গা আছে, যেখানে বাংলাদেশের সঙ্গে হেরেছে ভারত। কিছু কিছু জায়গা আছে, যেখানে ভারতীয়রাই বাংলাদেশের বিপক্ষে বেশি স্লেজিং করে থাকে।’
মুশফিক বলছিলেন, বাংলাদেশ দলে সেভাবে স্পেশালিস্ট কেউ নেই, যিনি বেশি স্লেজিং করেন। তারপরও তামিমের নাম উল্লেখ করলেন, ‘আসলে আমাদের দলের স্লেজিং সেভাবে হয় না। সে অর্থে কোনো স্পেশালিস্টও নেই। আমাদের এ রকম উগ্র স্লেজিং করার কেউ নেই। তামিম অনেক বলে থাকে, সে মাঝে মাঝে বলে। তবে সেটাও কৌশলে। নাসিরও অনেক কথা বলত। নাসির তো সমানে বাংলা বলতেই থাকত।’
নিজের স্লেজিং অভিজ্ঞতাও এই সুযোগে মনে করেছেন মুশফিক। সেই ২০০৭ সালের কথা বলছিলেন তিনি, ‘আমি বলেছিলাম-দাদা, অনেক রান তো করলেন। আমরা ছোটো ভাই, আমাদের সঙ্গে একটু কম রান করেন না দাদা! প্রথমে কিছু না বললেও পরের বার স্লেজিং করা হলে সৌরভ গাঙ্গুলি বলে ওঠেন—না, না। তোরা এখন আর ছোটো নেই। তোরা এখন অনেক বড়ো হয়ে গেছিস।’