ইউনিয়ন বার্লিন ০ ঃ ২ বায়ার্ন মািউনিখ
স্পোর্টস ডেস্ক
ইউনিয়ন বার্লিনের মাঠে বায়ার্ন মিউনিখ জয়টা পেল ‘খেটেখুটে’। তবে করোনা-সৃষ্ট দুই মাসের বিরতির পর প্রতিপক্ষের মাঠে ২-০ ব্যবধানের এই জয় তৃপ্তিই দিচ্ছে ব্যাভারিয়ানদের।
কোচ হ্যান্সি ফ্লিক গত রবিবার রাতের এই ম্যাচের আগে ‘মন ভরানো ফুটবল’ খেলার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। চলতি মৌসুমেই বুন্ডেসলিগায় উঠে আসা প্রতিপক্ষ বার্লিনের আবার লক্ষ্য ছিল আবার পুরোপুরি বিপরীত। কোয়ারেন্টাইন ভাঙার অপরাধে কোচ উরশ ফিশার এদিন ডাগআউটে ছিলেন না বটে, তবে তার দেওয়া কড়াকড়ি রক্ষণের নির্দেশনা প্রায় অক্ষরে অক্ষরেই পালন করছিল বার্লিন।
তারই ফলশ্রুতিতে প্রথম গোলটির দেখা পেতে বায়ার্নের অপেক্ষা করতে হলো ৪০ মিনিট পর্যন্ত! পেনাল্টি থেকে দলকে এগিয়ে দিয়ে মৌসুমে ব্যক্তিগত ৪০তম গোলটি করেন রবার্ট লেভান্ডোভস্কি।
দ্বিতীয় গোলটিও এলো সেটপিস থেকেই। ৮৩ মিনিটে জশুয়া কিমিখের কর্নার থেকে দলের ব্যবধান দ্বিগুণ করেন বেঞ্জামিন পাভার্ড।
এই জয়ের ফলে বুন্ডেসলিগার শীর্ষে চার পয়েন্টের ব্যবধান ফিরে পেয়েছে বায়ার্ন। এর প্রতিক্রিয়ায় অধিনায়ক ম্যানুয়েল নয়্যার সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘আমি খুশি যে আমরা আধিপত্য দেখাতে পেরেছি। আরো ভালো অবশ্যই খেলতে পারতাম, কিন্তু আমরা যোগ্য দল হিসেবেই জিতেছি।’
করোনাকালের ফুটবলে দর্শকদের আনাগোনা কঠোরভাবে নিষিদ্ধ। তবুও বার্লিনের পুলিশ জানিয়েছে, বেশ কিছু স্বাগতিক দর্শককে স্টেডিয়ামে ঢুকতে বাঁধা দিতে হয়েছে তাদের। স্টেডিয়াম অবশ্য ছিল ফাঁকাই, ছিল সুরক্ষার বাড়াবাড়িও। এমন পরিস্থিতিতে আগে কখনো খেলেননি, তবে মানিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টাটাই করছে দল, জানালেন নয়্যার। বললেন, ‘অবশ্যই আমরা চেষ্টা করছি, প্রতিদিন অনুশীলন করছি এবং এখন সামর্থ্যের সেরাটা মাঠে দেওয়ার পালা। এটা একটা নতুন পরিস্থিতি, আশা করছি মানিয়ে নিতে পারব।’ থমাস মুলার জানালেন, ফুটবলেই এখন দলের পূর্ণ মনোযোগ। জার্মান ফরোয়ার্ডের ভাষ্য, ‘আমরা রোমাঞ্চিত ছিলাম, যেমনটা আগস্টে মৌসুমের প্রথম ম্যাচের আগে থাকি। দুই দলই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে ভালোভাবেই। বল মাঠে গড়ালে খেলাটাই আমাদের পূর্ণ মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়।’
তবে আপাতত দর্শকদের ভাবনা ভুলতেই হবে বলে মনে করেন বায়ার্ন ফরোয়ার্ড। তিনি বলেন, ‘দর্শকেরা আমাদের বাড়তি অনুপ্রেরণা দিতে পারে, কিন্তু একে আপাতত এড়িয়ে যেতে হবে। আমরা চার পয়েন্টে এগিয়ে গেছি, বড়ো লক্ষ্যের দিকে আরো এক ধাপ এগিয়ে গেছি আজকে।’