টাঙ্গাইল প্রতিনিধি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্যা নামক স্থানে সিএনজিচালিত একটি অটোরিকশা উলটে চালক নিহত ও চার জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, সিএনজিচালিত একটি অটোরিকশা ভুয়াপুর থেকে চন্দ্রা যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্যা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উলটে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক (অজ্ঞাত) নিহত হন। সংবাদ পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি টিম ঐ চালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।