মির্জাপুরে মার্কেটে উপচেপড়া ভিড়

বাড়ছে করোনা সংক্রমনের

ঝুঁকি

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের মির্জাপুরে সামাজিক দুরত্ব বজায় না রেখেই মার্কেট ও হাটবাজার গুলোতে উপচেপড়া ভিড়। ফলে করোনা ভাইরাস সংক্রমনের মারাত্বক ঝুঁকি বাড়ছে। জনসমাগম ঠেকাতে সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত শহরে যানবাহন চলাচল নিষেধাজ্ঞা জারি করেছেন প্রশাসন। প্রশাসনের নির্দেশ অমান্য করে মার্কেটগুলোতে কেনাবেচা হওয়ায় এলাকায় করোনা ভাইরাস সংক্রমন আতঙ্ক ছড়িয়ে পরেছে। সোমবার মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে মির্জাপুর উপজেলার অধিকাংশ দোকানপাট ও মার্কেট বন্ধ ছিল। সরকারের নির্দেশনায় সামাজিক দুরত্ব বজায় রেখে সীমিত আকারে গত ১০ মে থেকে দোকানপাট ও মার্কেট খোলার অনুমতি দেওয়া হয়। কিন্ত মির্জাপুর উপজেলার মার্কেটগুলোতে স্বাস্থ্য বিধিসহ কোন সামাজিক দুরত্ব মানা হচ্ছে না। ফলে ভয়াবহ করোনা ভাইরাসের সংক্রমের মারাত্বক ঝুঁকি বাড়ছে। বণিক সমিতি ও ব্যবসায়ীদের সঙ্গে আলাচনা সাপেক্ষে হাট বাজারে জন সমাগম ঠেকাতে ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলার জন্য সকাল ৮টা থেকে রাত ১০ টা পর্যন্ত শহরের যানবাহন চলাচল নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা প্রশাসন। উপজেলা সদরের কলেজ রোডের সৈয়দ টাওয়ার, সৈয়দ মনশুর টাওয়ার, সিংগাপুর সুপার মার্কেট, শরিফ প্লাজা মার্কেট, বাংলাদেশ শপিং কমপ্লেক্স, মসজিদ মার্কেট, ঠান্ডু মার্কেটসহ অধিকাংশ মার্কেটের সামাজিক দুরত্ব না মেনে কেনা বেচা হচ্ছে। প্রতিটি মার্কেটেই উপচেপড়া ভিড়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে। উপজেলা সদরের বাহিরের, পাকুল্যা, মহেড়া, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাদগ্রাম, ভাওড়া, বহুরিয়া, গোড়াই, লতিফপুর, তরফপুর, আজগানা ও বাঁশতৈল ইউনিয়নের হাট বাজার ও ছোট ছোট মার্কেগুলোতেও একই অবস্থা বলে খোঁজ নিয়ে জানা গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, মার্কেটগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। যারা সামাজিক দুরত্ব মানছেন না তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হচ্ছে। আইন না মানলে পুনরায় মার্কেট বন্ধ করে দেওয়া হবে।