জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতিষ্ঠিত দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে তার সরাসরি তত্ত্বাবধানে গতকাল সোমবার পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় ব্যাপক ত্রাণ তত্পরতা চালানো হয়। সংস্থার উদ্যোগে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন শ্রমজীবী ও দুস্থ-অসহায় পরিবারের মধ্যে তৃতীয় দফা ত্রাণ বিতরণ কার্যক্রমে বিভিন্ন স্থানে খাদ্যসহায়তা প্রদান ও কাপড় বিতরণ করা হয়। জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, ভাণ্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও দুস্থ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মাহিবুল হোসেন মাহিম এবং কাউখালী উপজেলা চেয়ারম্যান ও জেপির উপজেলা সিনিয়র সহসভাপতি আবু সাঈদ মিয়া মনু উপজেলার বিভিন্ন স্থানে উপস্থিত থেকে এই ত্রাণ বিতরণ করেন। সকালে এই উপজেলার সয়না-রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ খাদ্যসামগ্রী ও কাপড় বিতরণ করা হয়। বিতরণকাজে অংশ নেন ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ, উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মাহফুজ পায়েল প্রমুখ।
দুপুরে আমড়াজুড়ি ইউনিয়নের পূর্ব আমড়াজুড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের কর্মহীন শ্রমজীবী ও দুস্থ-অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও কাপড় বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান শামসুদ্দোহা চাঁদ, জেপির উপজেলা সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম তালুকদার, যুব সংহতির উপজেলা সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নূরুজ্জামান মনু প্রমুখ।
দুপুরে কাউখালী কেজিইউ সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সদর ইউনিয়নের কর্মহীন শ্রমজীবী ও দুস্থ অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও কাপড় বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ করেন ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা, আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সহসভাপতি সুনীল কুণ্ডু, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন প্রমুখ।
এরপর চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে ইউনিয়নের অভাবী মানুষের মধ্যে দুস্থ কল্যাণ সংস্থার ত্রাণ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, জেপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক হুমায়ুন কবির তালুকদার রাজু, ছাত্র সমাজের আহ্বায়ক মো. কাউয়ুম শেখ প্রমুখ।
বিকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে ইউনিয়নের কর্মহীন শ্রমজীবী ও দুস্থ-অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও কাপড় বিতরণ করা হয়। এখানে ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, উপজেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ।
কাউখালীতে দুস্থ কল্যাণ সংস্থার এ ত্রাণকাজ পরিচালনা করেন সংস্থার কর্মকর্তা কাজী আতাহার আলী ও আতিকুজ্জামান খোকন। উল্লেখ্য, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি করোনাজনিত দুর্যোগের কারণে অসহায় কর্মহীন মানুষের সহায়তায় গত শুক্রবার থেকে ভাণ্ডারিয়ায় অবস্থান করছেন।