কুমিল্লার নাঙ্গলকোটে ঢাকা থেকে আগত ভাতিজাদের করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলায় বড়ো ভাই, ভাতিজাসহ তাদের লোকজনের হামলায় ছোটো ভাই খুন হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার দৌলখাঁড় ইউপির সোন্দাইল গ্রামের পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হোসেন মিয়া (৪০) ঐ গ্রামের মৃত ইউছুফ আলীর ছেলে। এ ঘটনায় ছয় জনকে আটক করে নিয়ে আসে থানা পুলিশ। আটককৃতরা হলেন—নিহত মোহাম্মদ হোসেন মিয়ার বড়ো ভাই দুলাল, তার স্ত্রী কাজল বেগম, ছেলে সহিদ, আরমান, জালালের স্ত্রী রেহেনা বেগম ও ছেলে ফারুক।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন পূর্বে বড়ো ভাই দুলালের দুই ছেলে সহিদ (২৮) ও আরমান হোসেন (২১) ঢাকা থেকে বাড়ি আসেন। এনিয়ে তাদের চাচা হোসেন মিয়া দুই ভাতিজাকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাড়ি থেকে বের না হতে নিষেধ করেন। এতে ভাতিজারা ক্ষিপ্ত হয়ে চাচা হোসেন মিয়াকে গালমন্দ করে। এসময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড়ো ভাই দুলাল, তার ছেলে সহিদ, আরমান, আজিম, জালাল ও তার ছেলে ফারুকসহ ১০/১২ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হোসেন মিয়াকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লি চিকিত্সকের কাছে নিয়ে গেলে ঐ চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।