গাজীপুরে ফেসবুকে গুজব সৃষ্টির অভিযোগে যুবক আটক

করোনা ভাইরাস মহামারিতে ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ভুয়া তালিকা নিয়ে সরকারকে বিব্রত করতে ফেসবুকে গুজব সৃষ্টির দায়ে গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবীথি এলাকা থেকে এক যুবককে আটক করেছে র্যাব-১।

রবিবার রাত পৌনে ১২টার দিকে গাজীপুর থেকে তাকে আটক করা হয়। তার নাম মো. মোস্তফা আহম্মেদ ওরফে পলাশ, সে মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চান্দনা এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ফেসবুকে করোনা ভাইরাস মহামারিতে সরকারের ঈদ উপহারের ভুয়া তালিকা ২৮ পাতার একসেট ফটোকপি উদ্ধার করা হয়। র্যাব-১-এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন সোমবার তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, আটক পলাশ সরকারের দেওয়া আড়াই হাজার টাকা করে ঈদ উপহারের ভুয়া তালিকা তৈরি করে তার ফেসবুক আইডিতে ৬ মিনিটের লাইভে কথা বলে, যা ছিল সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সে কার পরামর্শে বা কোন মহলের ইন্ধনে এ কাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সদর মেট্রো থানায় মামলা দায়ের করা হয়েছে।