জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন রওশনের করোনা পরীক্ষার জন্য রবিবার নমুনা সংগ্রহ করা হয়। গতকাল সোমবার ফলাফল নেগেটিভ এসেছে বলে ইত্তেফাককে জানিয়েছেন বিরোধীদলীয় নেতার ব্যক্তিগত কর্মকর্তা মামুন হাসান।
সামান্য শ্বাসকষ্ট ও বাম পায়ের গোড়ালিতে এলার্জিজনিত ইনফেকশন নিয়ে শনিবার সিএমএইচে ভর্তি হন রওশন এরশাদ। মামুন হাসান জানান, মূলত গোড়ালিতে ইনফেকশনের জন্যই হাসপাতালে যান রওশন এরশাদ। সন্দেহমুক্ত হওয়ার জন্য চিকিত্সকদের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিত্সকরা জানিয়েছেন, রক্তচাপজনিত কারণে তার সামান্য শ্বাসকষ্ট ছিল, তবে সেটি এরই মধ্যে সেরে গেছে। গতকাল তার বাসায় ফিরে যাওয়ার কথা থাকলেও অধিকতর পর্যবেক্ষণের জন্য আরো একদিন হাসপাতালে থেকে আজ মঙ্গলবার বাসায় ফিরে যাওয়ার কথা রয়েছে রওশন এরশাদের।