কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে মাহবুব এলাহী নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি ঢাকায় সোনালী ব্যাংকের একটি শাখায় প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের চকবাজার (মৌলভীপাড়া) এলাকার সাবেক ব্যাংক কর্মকর্তা কায়জার আহমেদের ছেলে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় আরও ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১ জন, আদর্শ সদরে ২ জন, চান্দিনায় ২ জন, দাউদকান্দিতে ৩ জন, সদর দক্ষিণে ১ জন, লাকসামে ৭ জন, নাঙ্গলকোটে ৪ জন, বুড়িচংয়ে ১ জন ও কুমিল্লা মেডিক্যালে কলেজে ৪ জন। এসময়ে সুস্থ হয়েছেন ৪ জন। এ নিয়ে সোমবার (১৮ মে) দুপুর দেড়টা পর্যন্ত কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল মোট ৩০৭ জনে এবং জেলায় মারা গেছেন মোট ১৩ জন। কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এ পর্যন্ত জেলার উপজেলাওয়ারী করোনা ভাইরাসে শনাক্তের মধ্যে রয়েছে- কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ২২ জন, কুমিল্লা মেডিক্যাল কলেজে ৬ জন, আদর্শ সদরে ৮ জন, সদর দক্ষিণে ৪ জন, লালমাই ৩ জন, নাঙ্গলকোট ১১ জন, লাকসামে ২২ জন, মনোহরগঞ্জ ৬ জন, চৌদ্দগ্রামে ২ জন, বরুড়া ১০ জন, বুড়িচং ১০ জন, ব্রাহ্মণপাড়া ৭ জন, চান্দিনা ১৮ জন, দেবিদ্বার ১০৯ জন, মুরাদনগর ৩৭ জন, দাউদকান্দি ১৪ জন, তিতাস ১২ জন, হোমনা ৪ জন, মেঘনা ২ জন। জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, ‘জেলা থেকে এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৫ হাজার ২১০ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৪ হাজার ৫৮৪ জনের। এর মধ্যে ৪ হাজার ৮৮২ জনের রিপোর্ট এসেছে। এতে ৩০৭ জনের ফলাফল পজেটিভ এসেছে। এদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ৫৩ জন সুস্থ হয়েছেন।’
এদিকে রবিবার দিবাগত রাতে করোনা সংক্রমণ হয়ে ব্যাংক কর্মকর্তা মাহবুব এলাহীর মৃত্যু হলেও আত্মীয়-স্বজনদের কেউ তার দাফনে এগিয়ে আসেননি। খবর পেয়ে ‘বিবেক’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান ইউসুফ মোল্লা টিপুসহ অন্যান্য সদস্যরা সোমবার ওই বাড়িতে গিয়ে মৃত ব্যক্তির গোসল দেন। দুপুরে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ইত্তেফাক/এমআর