বিসিবি এখনো সিদ্ধান্তহীন
স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের প্রকোপ ক্রমেই বাড়ছে বাংলাদেশে। দেশজুড়ে প্রতিদিনই নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনার বিস্তার ঠেকাতে সরকারের সাধারণ ছুটিও ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সময়টাও কারও জানা নেই। তাই বিসিবির ক্রিকেটসংক্রান্ত ভাবনা জোরাল হচ্ছে না। যদিও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এরই মধ্যে জানিয়েছে, আগামী জুলাইয়ে বাংলাদেশকে আতিথ্য দিতে প্রস্তুত তারা। সফরে স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলার কথা বাংলাদেশের।
করোনার কারণে শ্রীলঙ্কা সফর নিয়ে এখনো সিদ্ধান্তহীন অবস্থায় আছে বিসিবি। এই বিষয়ে এখন অব্দি কোনো আলোচনা হয়নি বিসিবিতে। চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বোর্ডই। তবে লঙ্কানরা প্রস্তুত হলেও পরিস্থিতির উন্নতি না হলে সফর করা কঠিন বলে মনে করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
স্বাগতিকদের সবুজ সংকেতের পর শ্রীলঙ্কা সফর নিয়ে বিসিবির অবস্থান জানতে চাইলে গতকাল বিসিবির এই পরিচালক সাংবাদিকদের বলেছেন, ‘আমরা এখনো এটা নিয়ে আলাপ-আলোচনা করিনি। ওরা বলেছে, ঠিক আছে। কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা কিছু বলতে পারছি না। দেশের যে পরিস্থিতি তাতে এই মুহূর্তে আমাদের পক্ষে সিরিজটি করা কঠিন। এটা আসলে বোর্ডের সিদ্ধান্ত। সভাপতি সাহেব সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ করবেন নিশ্চয়ই। এখনো আমরা ওভাবে আলাপ করিনি।’
শ্রীলঙ্কা চাইলেও বিসিবি দ্রুতই সিদ্ধান্ত নিতে পারছে না। বিসিবিকে বিবেচনা করতে হচ্ছে অনেক বিষয়। কারণ বাংলাদেশে করোনা পরিস্থিতির উন্নতি এখনো উল্লেখযোগ্য হয়নি। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা অজানা। তাছাড়া একটা সফরে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে এখন নতুন করতে ভাবতে হবে। করোনার কারণে নানাবিধ জায়গায় আগের তুলনায় সতর্কতা, পরিবর্তন আনতে হবে।
জালাল ইউনুস বলেন, ‘তারা চাইতে পারে কারণ তাদের পরিস্থিতি ভালো কিন্তু আমাদের তো আর তেমন না। এছাড়াও আমাদের প্রোটোকলের ব্যাপার আছে, করোনার সময়ে নিরাপত্তার ব্যাপার আছে, প্লেয়ারদের প্রস্তুতির ব্যাপার আছে, ফ্লাইট কীভাবে হবে সে ব্যাপার আছে। সিদ্ধান্ত এখনো হয়নি।’
বাংলাদেশের আগে জুন-জুলাইয়ে ভারতকে আতিথ্য দেওয়ার কথা শ্রীলঙ্কার। তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-২০ খেলার কথা রয়েছে ভারতের।
দক্ষিণ এশিয়ায় করোনা মোকাবেলায় সবচেয়ে সফল দ্বীপদেশ শ্রীলঙ্কা। সেখানে স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়েছে। এখন আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর চেষ্টায় আছে দেশটির ক্রিকেট বোর্ড। করোনার ধাক্কা সামলে উঠায় বাংলাদেশ ও ভারতের বিরুদ্ধে দুটি হোম সিরিজ এখনো স্থগিত করেনি তারা এবং সিরিজ দুটি আয়োজনে আশাবাদী লঙ্কান বোর্ড।