স্পোর্টস ডেস্ক
দুই মাসেরও কিছু বেশি সময়ের অচলাবস্থা কাটিয়ে অবশেষে অনুশীলনে ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো। সোমবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে লিগ কর্তৃপক্ষের সভায় সর্বসম্মতিক্রমেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুন্দেস লিগা ইতিমধ্যেই মাঠে ফিরেছে। স্প্যানিশ আর ইতালিয়ান লিগও ফেরার দিনক্ষণ ঘোষণা দিয়ে অনুশীলনে ফিরে গিয়েছিল অনেক আগেই। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে কোনো আশার আলোরই দেখা মিলছিল না।
সব জটিলতার অবসান হয় সোমবার রাতে। ২০ দলের সঙ্গে এক ভিডিওসভায় ছোটো ছোটো দলে ভাগ হয়ে অনুশীলনের অনুমতি দেওয়া হয়। মূলত ব্যক্তিগত উদ্যোগে খেলোয়াড়রা অনুশীলন শুরু করেছিলেন কিছুদিন আগেই। এ কারণেই লা লিগা কিংবা বুন্দেসলিগার ব্যক্তিগত অনুশীলনের মতো বাড়তি পর্যায় রাখা হয়নি এতে। ফলে গুচ্ছভিত্তিক অনুশীলনের পর দলগত অনুশীলন করেই ফেরার প্রস্তুতি নেবেন ফুটবলাররা।
তবে লিগ কবে মাঠে গড়াবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, ‘প্রিমিয়ার লিগের অংশীদাররা সর্বসম্মতিক্রমে কাল থেকে গুচ্ছভিত্তিক অনুশীলনের পক্ষে মত দিয়েছেন। যখন নিরাপদ হবে তখনই প্রিমিয়ার লিগ ফিরবে, এটা তার জন্য প্রথম ধাপ।’
সামাজিক দূরত্বের নীতি যে মানতে হবে, সেটা বলাই বাহুল্য। অন্যের শরীরের সংস্পর্শে আসতে হয়, এমন অনুশীলনের অনুমতি মেলেনি এ পর্যায়ের অনুশীলনে। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, খেলোয়াড়, কোচ, ক্লাবের ডাক্তার ও সরকারের সঙ্গে যোগাযোগ করে তবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করতে মেডিক্যাল প্রটোকল আরো কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। বিবৃতিতে প্রিমিয়ার লিগ জানায়, ‘সম্ভাব্য সবচেয়ে নিরাপদ পরিবেশে অনুশীলনে সবার ফেরা নিশ্চিত করতে উঁচুমানের কঠোর মেডিক্যাল প্রটোকল নিশ্চিত করা হবে। সব অংশগ্রহণকারীর সুস্বাস্থ্য ও কল্যাণ আর অনুশীলনে ধাপে ধাপে সবচেয়ে নিরাপদভাবে তাদের ফেরাই প্রিমিয়ার লিগের কাম্য।’
তবে শারীরিক সংস্পর্শের খেলা ফুটবলের অনুশীলনে যদি শারীরিক যোগাযোগই না থাকে তাহলে অনুশীলন ঠিক পূর্ণতা পায় না। প্রিমিয়ার লিগ জানিয়েছে সে ব্যাপারেও তোড়জোড় চালাচ্ছে কর্তাব্যক্তিরা, ‘শারীরিক যোগাযোগসহ অনুশীলনের প্রটোকলকে প্রতিনিয়ত পুনর্বিবেচনা করে সংশোধন করা হচ্ছে।