লালা নয়, ঘাম

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাস সবচেয়ে বেশি সংক্রমিত হয় মানুষের লালা থেকে। অথচ বোলাররা বল উজ্জ্বল করতে এই লালাই ব্যবহার করেন। এ নিয়ে গত কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল। অবশেষে আইসিসি বলেছেন, ক্রিকেট ম্যাচে লালা ব্যবহার করা যাবে না। তার বদলে ঘাম ব্যবহার করতে হবে।

অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে এর সঙ্গে ম্যাচ অফিসিয়াল নিয়েও কিছু সুপারিশ করেছে। আগামী জুনের শুরুতে বৈঠকে ক্রিকেট কমিটির সুপারিশগুলো বিবেচনা করবে আইসিসির প্রধান নির্বাহীদের কমিটি।

বলে লালা ব্যবহারে ভাইরাস সংক্রমণ হওয়ার ঝুঁকির বিষয়ে আইসিসির মেডিক্যাল অ্যাডভাইজরি কমিটির প্রধান পিটার হারকোর্টের কাছে জানতে চেয়েছিল ক্রিকেট কমিটি। হারকোর্টের পরামর্শে কমিটি বলে লালা ব্যবহার নিষিদ্ধ করার সুপারিশ করতে সম্মত হয়। বলে ঘাম ব্যবহারে ভাইরাস সংক্রমণ হওয়ার ঝুঁকি কম বলে পরামর্শ পেয়েছে ক্রিকেট কমিটি। তাই বলে ঘাম ব্যবহার নিষিদ্ধ করার সুপারিশের প্রয়োজনীয়তা দেখছে না তারা। তবে মাঠ ও এর আশপাশে উন্নত স্বাস্থ্যবিধি প্রণয়নের সুপারিশ করা হয়। ২০০২ সাল থেকে টেস্ট ম্যাচের ক্ষেত্রে ম্যাচ রেফারি, দুই অনফিল্ড আম্পায়ার ও তৃতীয় আম্পায়ার থাকেন নিরপেক্ষ। শুধু চতুর্থ আম্পায়ার হয় স্থানীয়। ওয়ানডের ক্ষেত্রে ম্যাচ রেফারি, একজন অনফিল্ড আম্পায়ার, তৃতীয় আম্পায়ার থাকেন নিরপেক্ষ; একজন অনফিল্ড আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার স্থানীয়। আর টি-টোয়েন্টিতে শুধু ম্যাচ রেফারি হয় নিরপেক্ষ। বাকিরা স্থানীয়।