ছিন্নমূল মানুষের পাশে সহায়তা নিয়ে পুলিশ

ইত্তেফাক রিপোর্ট

শুধু আইনশৃঙ্খলা কাজে নয়, মানবিক সহায়তা নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন পুলিশ সদস্যরা। সারাদেশেই পুলিশ খাদ্য সহায়তা থেকে শুরু করে নানা ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। অনেকের কাছে ঈদ উপহারও পৌঁছে দেওয়া হচ্ছে।

পুরান ঢাকার অন্তঃসত্ত্বা যে নারীকে এই সঙ্কটের সময় হাসপাতালে নিয়ে গিয়েছিল পুলিশ, নবজাতক সন্তান নিয়ে বাড়ি ফেরার পর তাকে উপহারও পাঠিয়েছে। বংশাল থানার ওসি মো. শাহীন ফকির জানিয়েছেন, মা ও শিশু সন্তানকে উপহার হিসেবে মৌসুমি ফল ও খাদ্য পাঠানো হয়। পাঠানো উপহারের মধ্যে রয়েছে—পাঁচ কেজি মিনিকেট চাল, এক কেজি পোলাওর চাল, চিনি, লবণ, তেল, পেঁয়াজ, আলু, দুধ, লাচ্ছাসেমাই, একটি বেবি লোশন ও দুটি সাবান। ফলের মধ্যে রয়েছে তরমুজ, বাঙ্গি, আনারস, কলা, আম, আপেল, মালটা ও লেবু। গত সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার ছাড়াই ঐ নারী পুত্র সন্তান প্রসব করেন। দুই দিন পর সন্তান নিয়ে বাসায় ফেরেন তিনি। অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন কলাবাগান থানার এসআই মনসুর হোসেন মানিক। এসআই মানিক জানান, করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই নিজের বেতনের টাকায় সাধারণ মানুষের মাঝে মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও খাবার বিতরণ করছেন।