জাতীয় প্রেসক্লাবে করোনা বুথে নমুনা সংগ্রহ শুরু

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য ব্র্যাকের সহযোগিতায় জাতীয় প্রেসক্লাবে স্যাম্পল (নমুনা) সংগ্রহের জন্য একটি বুথ চালু করা হয়েছে। জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে চালু করা এ বুথে ক্লাব ও ডিইউজের সদস্য, স্ত্রী, স্বামী ও সন্তানরা সেবা গ্রহণ করতে পারবেন। গতকাল মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রমের সূচনা করেন জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম, ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম। এ সময় আয়োজিত সূচনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএফইজের নির্বাহী পরিষদ সদস্য শেখ মামুনুর রশীদ ও ডিইউজের সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ। উপস্থিত ছিলেন ডিইউজের প্রচার সম্পাদক আছাদুজ্জামান, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী ও দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস সোহেল। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেবা পাওয়া যাবে। তবে একদিন আগে নিবন্ধন সাপেক্ষে এই সেবা নিতে পারবেন সদস্য ও তাদের পরিবার।