করোনা শনাক্ত ২৫ হাজার ছাড়াল

এক দিনে আরো ২১ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭০ জন। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৪৯টি নমুনা পরীক্ষা করে আরো ১ হাজার ২৫১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১২১ জন।

নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপকা ডা. নাসিমা সুলতানা গতকাল মঙ্গলবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরেন। সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৮ জন। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৪ হাজার ৯৯৩ জন সুস্থ হয়ে উঠলেন।

ডা. নাসিমা বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা মহানগরীর বাসিন্দা সাত জন। এছাড়া দুই জন মহানগরীর বাইরে ঢাকা জেলার, দুই জন নারায়ণগঞ্জের, এক জন নরসিংদীর, এক জন চট্টগ্রামের, দুই জন কুমিল্লার, দুই জন গাজীপুরের, এক জন চাঁদপুরের, এক জন শেরপুরের, এক জন বাগেরহাটের, এক জন ঝালকাঠির বাসিন্দা। তাদের মধ্যে দুই জনের বয়স ছিল সত্তরের বেশি। এছাড়া চার জনের বয়স ছিল ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৩১  থেকে ৪০ বছরের মধ্যে, দুই জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের ১৩ জন হাসপাতালে ও তিন জন বাসায় মারা গেছেন এবং পাঁচ জন হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্তে আরো ৯ হাজার ৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮ হাজার ৪৪৯টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ৯৩ হাজার                 ৬৪৫টি। আগের ২৪ ঘণ্টার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও মৃত্যু হয়েছে সমানসংখ্যক মানুষের। বুলেটিনে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ৩২৬ জনকে এবং বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ৬১৬ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯৩ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১ হাজার ৭৯৩ জন। সারাদেশে আইসোলেশন শয্যা আছে ১৩ হাজার ২৮৪টি। গত ২৪ ঘণ্টায় ঢাকায় আইসোলেশন শয্যা বেড়েছে ৪ হাজার ১৫০টি। মোট আইসোলেশন শয্যার মধ্যে রাজধানী ঢাকায় ৭ হাজার ২৫০টি এবং ঢাকার বাইরে আছে ৬ হাজার ৩৪টি। এসব হাসপাতালে আইসিইউ শয্যা আছে ৩৯৯টি।

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে আইসিইউ শয্যা বেড়েছে ৬০টি। ডায়ালাইসিস ইউনিট আছে ১০৪টি। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ৩ হাজার ৫৩১ জনকে। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৯১ জনকে। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ২ হাজার ৭০২ জন। এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১ লাখ ৯৬ হাজার ২৭৪ জন। বর্তমানে হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ৫১ হাজার ২১৭ জন।

এছাড়া দেশের বিভিন্ন জেলা-উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য ৬২৭টি প্রতিষ্ঠান প্রস্তুত রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে তাত্ক্ষণিকভাবে সেবা দেওয়া যাবে ৩১ হাজার ৮৪০ জনকে।