মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই করোনা ভাইরাসের বিস্তার রোধে ব্যর্থতা এবং চীনের প্রতি পক্ষপাতিত্বের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থায় দেওয়া তহবিল বন্ধ করে দিয়েছিলেন। এবার প্রেসিডেন্ট ট্রাম্প সংস্থাটিকে ৩০ দিনের আলটিমেটাম দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন সংস্থাটির পাশে থাকবে বলে জানিয়েছে। আর চীন বলেছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পেরে মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্স ও আলজাজিরার
চরম হুমকি ট্রাম্পের, পাশে আছে ইইউ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস গ্যাব্রিসিয়েসকে পাঠানো চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন, ৩০ দিনের মধ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে সংস্থাটির তহবিল স্থায়ীভাবে বন্ধ করা হবে এবং যুক্তরাষ্ট্র তার সদস্যপদ প্রত্যাহার করে নেবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভার্জিনিয়ে বাত্তু হেনরিকসন বলেছেন, এখন সহযোগিতার সময়। কারো প্রতি আঙুল তুলে আন্তর্জাতিক সহযোগিতাকে ক্ষতিগ্রস্ত করার সময় নয়। তিনি করোনা ভাইরাসের উত্স নিয়ে আন্তর্জাতিক তদন্তের প্রতিও সমর্থন জানান। রাশিয়াও প্রেসিডেন্ট ট্রাম্পের এই হুমকিকে আমলে নেয়নি। দেশটি গতকাল বলেছে, সংস্থার উন্নয়ন করা উচিত। কিন্তু তাই বলে কোনো দেশের একক স্বার্থে সংস্থাটি থেকে দূরে থাকা যাবে না।
চীনের অভিযোগ
বেইজিং অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র করোনা ভাইরাস নিয়ে অনৈতিক প্রচারণা চালাচ্ছে। করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় দেশটি বিশ্বের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। দেশটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা বিশ্বের প্রতি দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের কাছে এটা শোভা পায় না।