ঈদের পরপরই এসএসসি ও সমমানের ফল প্রকাশ

আগামী ২২ মে’র পর যে কোনো দিন এসএসসি ও সমমানের ফল প্রকাশের অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে ঈদের পরপরই এসএসসির ফল প্রকাশ হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। 

তবে করোনার প্রাদুর্ভাবে এবার গতানুগতিক প্রক্রিয়ায় ফল প্রকাশিত হবে না। শিক্ষার্থীদের স্ব স্ব স্কুলে গিয়ে ফল প্রকাশের সুযোগ নেই। প্রতি বছর বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন। এরপর মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন। এর কোনো কিছুই এবার হবে না। তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তরের চেষ্টা চলছে বলে জানা যায়।

অন্যান্য বারের মতো এবারও এসএমএসের মাধ্যমে ফল জানার সুযোগ থাকবে। পাশাপাশি শিক্ষার্থীরা আগেভাগেই প্রিরেজিস্ট্রেশন করলেও ফল প্রকাশের সঙ্গে সঙ্গে তা মোবাইলেও পৌঁছে যাবে।         ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষার্থীরা মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল পেলেও সবাই সাধারণত স্কুলে গিয়েই ফল সংগ্রহ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। কিন্তু এবার যেহেতু স্কুলে যাওয়ার সুযোগ নেই। তাই টেলিটকের সহায়তায় শিক্ষার্থীদের মোবাইলে ফল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এজন্য গত সোমবার থেকে প্রিরেজিস্ট্রেশন শুরু হয়েছে।

প্রিরেজিস্ট্রেশন করার জন্য SSC লিখে স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস রোল নম্বর লিখে স্পেস পাশের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে। মাদ্রাসা বোর্ডের জন্য Dakhil স্পেস Mad এবং কারিগরি বোর্ডের জন্য SSC স্পেস Tec লিখতে হবে। এতে ফলাফল প্রকাশের পরপরই যেই নম্বর থেকে এসএমএস পাঠানো হয়েছিল সেই নম্বরে ফলাফল চলে আসবে। 

চলতি মাসের প্রথম সপ্তাহেই এবারের এসএসসির ফল প্রকাশের কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে তা সম্ভব হয়নি। তবে এবারই প্রথম পরীক্ষকদের কাছ থেকে ডাকযোগে এসএসসির ওএমআর শিট বোর্ডে এনে তা স্ক্যানিং করা হয়েছে।