বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৩০ দিনের আলটিমেটাম দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই করোনা ভাইরাসের বিস্তার রোধে ব্যর্থতা এবং চীনের প্রতি পক্ষপাতিত্বের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থায় দেওয়া তহবিল বন্ধ করে দিয়েছিলেন। এবার প্রেসিডেন্ট ট্রাম্প সংস্থাটিকে ৩০ দিনের আলটিমেটাম দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন সংস্থাটির পাশে থাকবে বলে জানিয়েছে। আর চীন বলেছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পেরে মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে সংস্থাটির সম্মেলনে করোনা ভাইরাসের উত্স নিয়ে স্বাধীন তদন্তের প্রস্তাব পাশ হয়েছে। খবর রয়টার্স, বিবিসি ও আলজাজিরার

চরম হুমকি ট্রাম্পের, পাশে আছে ইইউ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস গ্যাব্রিসিয়েসকে পাঠানো চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন, ৩০ দিনের মধ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে সংস্থাটির তহবিল স্থায়ীভাবে বন্ধ করা হবে এবং যুক্তরাষ্ট্র তার সদস্যপদ প্রত্যাহার করে নেবে। ট্রাম্প লেখেন, ঘোষণা দিতে হবে যে, চীন করোনা নিয়ে মোটেও স্বচ্ছ ছিলো না। প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি নিয়ে সংস্থাটি কোনো মন্তব্য করেনি। তবে টেড্রোস গ্যাব্রিসিয়েস বলেছেন, করোনা মোকাবিলায় বিশ্বকে নেতৃত্ব দেওয়া অব্যাহত রাখবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভার্জিনিয়ে বাত্তু হেনরিকসন বলেছেন, এখন সহযোগিতার সময়। কারো প্রতি আঙুল তুলে আন্তর্জাতিক সহযোগিতাকে ক্ষতিগ্রস্ত করার সময় নয়। তিনি করোনা ভাইরাসের উত্স নিয়ে আন্তর্জাতিক তদন্তের প্রতিও সমর্থন জানান। রাশিয়াও প্রেসিডেন্ট ট্রাম্পের এই হুমকিকে আমলে নেয়নি। দেশটি গতকাল বলেছে, সংস্থার উন্নয়ন করা উচিত। কিন্তু তাই বলে কোনো দেশের একক স্বার্থে সংস্থাটি থেকে দূরে থাকা যাবে না।

চীনের অভিযোগ

বেইজিং অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র করোনা ভাইরাস নিয়ে অনৈতিক প্রচারণা চালাচ্ছে। করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় দেশটি বিশ্বের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। দেশটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা বিশ্বের প্রতি দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের কাছে এটা শোভা পায় না।

সম্মেলনে স্বাধীন তদন্তের প্রস্তাব পাশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দু’দিন ব্যাপী সম্মেলনের শেষ দিনে গতকাল করোনা ভাইরাসের উত্স এবং কিভাবে ছড়ালো তা নিয়ে স্বাধীন তদন্তের একটি প্রস্তাব পাশ হয়েছে। সংস্থাটির ১৯৪টি সদস্য রাষ্ট্র মহামারিতে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার পাশাপাশি ডব্লিউএইচও’র ভূমিকা নিয়েও নিরপেক্ষ তদন্তের ব্যাপারে একমত হয়েছে। সোমবার সম্মেলনের প্রথম দিন শতাধিক দেশের স্বাক্ষর করা ঐ প্রস্তাবনা ইউরোপীয় ইউনিয়ন উপস্থাপন করে। করোনা ভাইরাসের ভ্যাকসিন ও চিকিত্সা পদ্ধতি নিয়ে স্বচ্ছতা, নায্যতা ও সময়মতো প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করার কথা প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে। কোভিড ১৯ মহামারিতে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলের ৪৯ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩ লাখ ২২ হাজারের বেশি মানুষ। 

সাবেক স্ত্রীকে হত্যা, পদত্যাগে বাধ্য

হলেন লেসোথোর প্রধানমন্ত্রী

 

ইত্তেফাক ডেস্ক

সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে সমালোচনার মুখে পদত্যাগ করেছেন লেসোথোর প্রধানমন্ত্রী থমাস থাবানে। গতকাল টেলিভিশন ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা দেন। ৮০ বছর বয়সী প্রধানমন্ত্রীর সাবেক স্ত্রী লিপোলেলোকে ২০১৭ সালে তার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগের দিন গুলি করে হত্যা করা হয়। তার বর্তমান স্ত্রী মেসসাইয়াহ থাবানে ঐ হত্যাকা্লে অভিযুক্ত হলেও জামিনে আছেন। পুলিশ প্রধানমন্ত্রী থাবানেকেও ঐ হত্যায় অভিযুক্ত করতে চাইছে। তবে তিনি বারবার বলেছেন, এক্ষেত্রে তার রক্ষা পাওয়ার অধিকার আছে। -সিএনএন