অগ্রিম জমা ফেরত চায় এজেন্সিগুলো

করোনার এই দুর্যোগে মহাসংকটে পড়েছে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো। এই শিল্পের ওপর প্রত্যক্ষভাবে ১৮ হাজার পরিবার নির্ভরশীল। বিজ্ঞাপন না থাকায় এই প্রতিষ্ঠানগুলো কর্মীদেরও ঠিকমতো বেতন দিতে পারছেন না। ফলে অনেক পরিবার মহাসংকটে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে সরকারের কাছে কয়েকটি দাবি জানিয়েছে তারা। এর মধ্যে যে যে প্রতিষ্ঠানের ২০১৮ সালের পর যে অগ্রিম টাকা সরকারের কাছে জমা আছে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ফেরত দিলে এই দুঃসময়ে তাদের বড়ো ধরনের উপকার হবে। আগামী ডিসেম্বর পর্যন্ত বিলের টাকা থেকে অগ্রিম আয়কর উেস কর্তন না করারও নির্দেশ দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

সংগঠনের সভাপতি রামেন্দু মজুমদার ও সাধারণ সম্পাদক মুনীর আহমেদ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে আরো বলা হয়েছে, অনেক মন্ত্রণালয় ও সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানের কাছে সদস্যদের বিল পাওনা আছে। অবিলম্বে সেই বিল পরিশোধের অনুরোধও তাদের। ব্যবসা চালু রাখার স্বার্থে এ বছরের চলতি খরচের ৭০ শতাংশ ব্যাংকিং খাত থেকে চলতি মূলধনের জন্য ২ শতাংশ হারে ঋণের দাবিও তাদের। তিন বছরের মধ্যে পরিশোধযোগ্য এই ঋণের উত্তোলনের ৬ মাস পর থেকে সুদ আরোপ করা হোক। একই সঙ্গে বিজ্ঞাপন শিল্পকে সেবা খাত হিসেবে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানিয়েছে তারা।