পাকিস্তানে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম দুই কিশোরীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয় এক যুবক। পরে ওই দুই কিশোরীকে গুলি করে হত্যা করে পরিবারের সদস্যরা। প্রেম করার অভিযোগে পাকিস্তানি ওই দুই কিশোরীকে হত্যা করা হয়েছে। তবে আপত্তিকর ভিডিও ছড়ানো সেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া ওই যুবকের নাম ওমর আয়াজ (২৮)। সেই সঙ্গে মোবাইলে আপত্তিকর দৃশ্য ধারণ করা অপর যুবক মো. আসলামকেও খুঁজছে পুলিশ।
এর আগে হত্যাকাণ্ডের শিকার এক কিশোরীর বাবা এবং আরেক কিশোরীর ভাইসহ চারজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওমর আয়াজ নামে ওই যুবক কিশোরীকে চুমু দেওয়ার দৃশ্য দেখা যায়। তথাকথিত পারিবারিক মর্যাদা বা অনার কিলিংয়ের শিকার ও দুই কিশোরীকে পরিবারের সদস্যরা গুলি করে হত্যা করেন। পাকিস্তানের উপজাতি অধ্যুষিত সীমান্ত জেলা ওয়াজিরিস্তানে ওই বর্বর ঘটনাটি ঘটে।
জানা যায়, দুই কিশোরীর বয়স যথাক্রমে ১৬ ও ১৮। প্রায় এক বছর আগে তিন কিশোরীকে নিয়ে বেড়াতে যাওয়া ওই তরুণ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মোবাইলে ধারণ করা ওই ভিডিওটি পোস্ট করলে তা কিশোরীদের পরিবারের সদস্যদের নজরে আসে।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার বিকালে উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানের সীমান্তবর্তী শাম প্লাই গারিওম নামে একটি গ্রামে গুলি করে ওই দুই কিশোরীকে হত্যা করা হয়।
পুলিশ বলছে, তারা এখন চিন্তিত ভিডিওতে থাকা তৃতীয় মেয়েটিকে নিয়ে। কারণ দুজনকে এরই মধ্যে হত্যা করেছে তাদের পরিবার, এখন তৃতীয় কিশোরীকে বাঁচানোই তাদের প্রধান কাজ।
আরও পড়ুন: করোনা: স্পেনে ‘বাধ্যতামূলক‘ মাস্ক পড়ার নির্দেশ
দেশটির মানবাধিকার কর্মীদের মতে, প্রতি বছর দেশটিতে পারিবারিক মর্যাদার কথা বলে সহস্রাধিক মেয়েকে হত্যা করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের গুলি করে হত্যা করে বাবা অথবা ভাই।
ইত্তেফাক/আরআই