ঈদ উপলক্ষে সুবীর নন্দীর আনরিলিজ ট্র্যাক ‘দূরের মানুষ’

বিনোদন রিপোর্ট

 

 দেশবরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী প্রয়াত হয়েছেন ১ বছর হয়ে গেছে। কিন্তু মৃত্যুর আগে একটি পূর্ণাঙ্গ অ্যালবামে কণ্ঠ দিয়েছিলেন এই শিল্পী। তানভীর তারেকের সুর ও সংগীতে সেই অ্যালবামে সুবীর নন্দী মোট ৯টি গান গেয়েছেন। সেই আনরিলিজ গান থেকে প্রথম গানটি প্রকাশ পেয়েছে ঈদ উপলক্ষে। গানের শিরোনাম ‘দূরের মানুষ’। স্যাড রোমান্টিক ধারার এই গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন তানভীর তারেক।

গানটি প্রসঙ্গে সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘সুবীর দাকে নিয়ে আমার অগণিত স্মৃতি। তার বেশিরভাগ মধুর সব স্মৃতি এই অ্যালবামটি করার সময়। গানটি মিক্সিং ও মাস্টারিং করার সময় বারবার চোখ ভিজে গেছে আনমনে। কী এক স্বর্ণকণ্ঠকে আমরা হারিয়ে ফেলেছি। কবির বকুল ভাইয়ের অসাধারণ একটি লিরিকে এই দূরের মানুষ গানটির সুর করি আমি সুবীর দার সামনেই। এক বসায় সুর করা। আমরা টানা প্রায় কয়েকমাস এই অ্যালবামের জন্য বসতাম। ভয়েস দেওয়ার সময় দাদা বারবার জিজ্ঞেস করতেন, তুমি কিভাবে চাইছো। আমি অবাক হয়ে বলতাম, দাদা আপনি ইম্প্রুভাইজ করেন। দাদা একগাল হেসে বলতেন, তানভীর আমি আমার গানে বৈচিত্র্য আনার জন্যই তোমার সুরে গাইতে চেয়েছি। আমি চাই না আমার আগের কোনো গানের ধারার সঙ্গে কোনো মিল থাকুক। আমি ভীষণ সৌভাগ্যবান যে, সুবীর দা আমার সবার সামনে আমার কম্পোজিশনের ভীষণ প্রশংসা করতেন।’ কবির বকুল বলেন, ‘গানটি অসাধারণ সুর করেছে তানভীর। আর দাদার কথা কী আর বলবো! এই গানটি লিখে তানভীর তারেককে কবে দিয়েছিলাম মনে নেই। শ্রদ্ধাভাজন শিল্পী সুবীর নন্দীর কণ্ঠে গানটি হূদয়ে বেদনার আর্তি তৈরি করবে জানা হতো না, যদি গানটি আজ এভাবে রিলিজ না হতো। প্রিয় শিল্পীকে খুব মিস করছি।’ গানটি ঈদ উপলক্ষে তানভীর তারেকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে।