বলিউড প্রযোজকদের কৃতির অনুরোধ

বিনোদন ডেস্ক

 

করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বের মতো বলিউডেও শুটিং বন্ধ অনেকদিন ধরে। এই পরিস্থিতিতে কঠিন সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন ফিল্ম ইন্ডাস্ট্রির দৈনিক রোজগেরে কলাকুশলীরা। এসবের মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির একটি ‘ড্রেস দাদা’র ভিডিও। ভিডিওতে ওই ‘ড্রেস দাদা’ হিসেবে নিজের পরিচয় দিয়ে ওই ব্যক্তি অভিযোগ করেছেন, এই মুহূর্তে রোজগার বন্ধ। তারা সমস্যার মধ্যে রয়েছেন। তার ওপরে যে সমস্ত বকেয়া টাকা রয়েছে সেগুলোও দিতে রাজি হচ্ছেন না প্রযোজকরা। টাকা চাইলে পাল্টা হুমকি মিলেছে বলে অভিযোগ তার। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ‘ড্রেস দাদা’র ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী কৃতি শ্যানন। কৃতি লিখেছেন, ‘আমার এক বন্ধু হামারি বহু সিল্ক ধারাবাহিকের সঙ্গে যুক্ত হওয়ায় আমি এই একজনের কথা জানতে পারলাম। আরও না জানি এমন কত ব্যক্তি রয়েছেন। যাদের পাওনা টাকা এভাবে আটকে রয়েছে তাদের জন্য খুব খারাপ লাগছে। এই পরিস্থিতিতে তাদের টাকাটা খুবই প্রয়োজন। আমি প্রযোজকদের অনুরোধ করছি তাদের পাওনা টাকা ফিরিয়ে দিতে। টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনকেও বিষয়টি দেখার জন্য অনুরোধ করবো।’ তবে ‘ড্রেস দাদা’র অভিযোগ নিয়ে ‘মেরি বহু সিল্ক’ ধারাবাহিকের প্রযোজকদের তরফে এখনও মুখ খোলা হয়নি।