ইঞ্জিনচালিত ছোটো নৌকায় ঝুঁকি নিয়ে পার হচ্ছে মানুষ

বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকা

অভিজিত্ ঘোষ, ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলে করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আমফানের ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ছোটো ছোটো নৌকাযোগে যমুনা নদী পাড়ি দিচ্ছে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলগামী মানুষজন। বুধবার ভোর থেকেই ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ফেরত এসব মানুষজন বিভিন্ন মাধ্যমে যমুনা নদীর ঘাটে আসছে।

সরেজমিন বঙ্গবন্ধু সেতুপূর্বসংলগ্ন কালিহাতী উপজেলার বেলটিয়া যমুনা নদীঘাট ও ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ঘাটে গিয়ে এমন চিত্র দেখা গেছে। মহাসড়কে গণপরিবহন বন্ধ থাকার কারণে ঈদে বাড়ি যাওয়ার জন্য মানুষজন ঢাকা, চন্দ্রা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন মাধ্যমে আসছে ঘাটে নদী পার হতে। ঢাকা ফেরত পঞ্চগড়গামী ফারুক বলেন, কাজ নেই। টাকাও নেই যে থাকব। তাই বাড়ি যাচ্ছি ঝুঁকি নিয়েই। নদী পার হওয়া বগুড়াগামী মাইনুল হোসেন বলেন, মহাসড়কে পরিবহন বন্ধ তাই বিভিন্নভাবে বঙ্গবন্ধু সেতুপূর্ব বেলটিয়া যমুনা নদীর ঘাটে আসি। কালিহাতী উপজেলার বেলটিয়া গ্রামের ফারুক আহমেদ বলেন, ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে নদী পাড় হচ্ছে। এতে এলাকাবাসী ঝুঁকি রয়েছে। একই গ্রামের আমিনুল ইসলাম বলেন, ভোর থেকে দুপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী কয়েক হাজার মানুষ নদী পার হয়েছেন।

ভূঞাপুরের গোবিন্দাসী নৌফাঁড়ির ইনচার্জ আল আমিন জানান, মহাসড়ক দিয়ে লোকজন ট্রাক, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান ও পায়ে হেঁটে নৌঘাটে ভিড় জমাচ্ছে নদী পার হওয়ার জন্য। ঘাট এলাকায় পুলিশের টিম কাজ করছে যাতে কেউ নৌঘাটে ভিড় জমাতে বা নদী পার না হতে পারে। বঙ্গবন্ধু সেতুপূর্ব নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এম এ আব্দুল মান্নান বলেন, বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকার যমুনা নদীতে পুলিশের টহল রয়েছে।