চট্টগ্রামে করোনা আক্রান্ত আরো দুই জনের মৃত্যু

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুই জনের মৃত্যু হয়েছে। তারা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪৪ জনে উন্নীত হলো। হাসপাতাল সূত্র জানায়, গতকাল বুধবার ভোর ৪টার দিকে ৫৮ বছর বয়সি এক ব্যক্তি মারা গেছেন। নগরীর আকবর শাহ এলাকার এই বাসিন্দা ডেঙ্গুতেও আক্রান্ত হয়েছিলেন। একই হাসপাতালে এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ৫৭ বছর বয়সি এক ব্যক্তি মারা যান। তিনি নগরীর হালিশহরের বাসিন্দা। করোনা আক্রান্ত হওয়ার পর গত ১৫ মে জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার নাথ বলেন, করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সর্বশেষ মারা যাওয়া দুই জন আগে থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন।