ডমিঙ্গোর পরিকল্পনাতেও নেই মাশরাফি

স্পোর্টস রিপোর্টার

অধিনায়কত্ব ছাড়লেও আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে বিদায় বলেননি মাশরাফি বিন মুর্তজা। এখন খেলছেন শুধু ওয়ানডে ফরম্যাট। বয়সের ঘর ৩৬ ছাড়িয়েছে। ২২০ ওয়ানডেতে ২৭০ উইকেটের মালিক মাশরাফির ক্যারিয়ারে খুব বেশি ক্রিকেট আর বাকি নেই, এটা সহজেই অনুমেয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গৃহবন্দি হয়ে পড়েছে ক্রিকেট। অলস সময়টাতে আবারও জোরালো হয়ে পড়েছে পেসার মাশরাফির ক্যারিয়ারের ভবিষ্যত্ বিষয়ক ভাবনা।

কদিন আগে বাংলাদেশের বোলিং কোচ ওটিস গিবসন প্রচ্ছন্ন ইঙ্গিতে বলেছেন, মাশরাফির অবসরে যাওয়া উচিত। এবার হেড কোচ রাসেল ডমিঙ্গোও প্রায় একই পথে হাঁটলেন। এই প্রোটিয়া কোচের ২০২৩ বিশ্বকাপের পরিকল্পনায় স্বাভাবিকভাবেই নেই মাশরাফি। বরং তরুণ পেসারদের গড়ে তোলার দিকেই নজর দিবেন তিনি। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাত্কারে এমনটাই বলেছেন ডমিঙ্গো।

অভিজ্ঞ বোলার মাশরাফি ভবিষ্যত্ সম্পর্কে নিজের ভাবনা জানাতে গিয়ে বাংলাদেশের হেড কোচ বলেছেন, ‘৫০ ওভারের বিশ্বকাপের বিবেচনায় মাশরাফিকে বলতে হয়, এটা অনেক অনেক দূর মনে হচ্ছে। নির্বাচনের জন্য সে উন্মুক্ত থাকবে কি না, তা মাশরাফিকেই সিদ্ধান্ত নিতে হবে। তারপর এটা নির্বাচকদের সিদ্ধান্ত, তারা তাকে নিবেন কি না। আমি দেখতে পাই অনেক তরুণ ফাস্ট বোলারের সন্নিবেশ। আমি তাদেরকে একটা সিস্টেমের মধ্যে আনতে চাই। আবার শুরুর করার পর আমাদেরকে এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’

গত পাঁচ বছরে ওয়ানডেতে বোলিং আক্রমণে সবচেয়ে ধারাবাহিকভাবে খেলেছেন মাশরাফি। মাত্র পাঁচটি ম্যাচ মিস করেছেন তিনি, যার দুটি আবার স্লো-ওভার রেটের শাস্তির কারণে।

আগামী বিশ্বকাপকে টার্গেট করে তরুণদের গড়ে তুলতে চান বোলিং কোচ গিবসন। একই পরিকল্পনা রয়েছে হেড কোচ ডমিঙ্গোর। শুধু পেসার হিসেবে জাতীয় দলে মাশরাফির সম্ভাবনা দেখছেন না তারা। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক অবশ্য অবসরের বিষয়ে মুখ খুলেননি। জাতীয় দলে না খেললেও খেলাটা চালিয়ে যেতে চান তিনি। সেক্ষেত্রে জাতীয় দলে খেলাকে মুখ্য ধরছেন না তিনি। পরোক্ষভাবে জাতীয় দলের কোচরা মাশরাফির অবসর চান। কিন্তু মাশরাফি আনুষ্ঠানিক অবসর নিবেন কি না, তা বলা সত্যিই কঠিন।