ছয় খেলোয়াড় করোনায় আক্রান্ত

ইংলিশ প্রিমিয়ার

লিগ

স্পোর্টস ডেস্ক

বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের প্রকোপ বিদ্যমান থাকলেও, একটু একটু করে মাঠে খেলা ফিরতে শুরু করছিল। বিশেষ ইউরোপিয়ান ফুটবল নিজেদের সরব করতে শুরু করেছে। বেশ কয়েকটা শীর্ষস্থানীয় লিগ পুনরায় ফুটবল চালু করার প্রস্তুতি নিচ্ছিল।

ইংলিশ প্রিমিয়ার লিগও নিজেদের গুছিয়ে নিচ্ছিল। এরই মধ্যে আসল দুঃসংবাদ। লিগে তিন ক্লাবের ছয় জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার ও সোমবার ১৯ ক্লাবের ৭৪৮ জন খেলোয়াড় ও স্টাফের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। বাকি ক্লাবের সদস্যদের পরীক্ষা হয়েছে মঙ্গলবার।

আক্রান্তদের নাম জানানো হয়নি। আগামী সাত দিন তারা সেলফ-আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছে বিবিসি। আগামী মাসে মৌসুম পুনরায় শুরুর লক্ষ্যে মঙ্গলবার থেকে ব্যক্তিগত অনুশীলন শুরু করে ইংলিশ ক্লাবগুলো। গত ১৩ মার্চ থেকে স্থগিত রয়েছে প্রিমিয়ার লিগ। বাকি আছে ৯২টি ম্যাচ।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে জার্মানির বুন্ডেসলিগা মাঠে ফিরেছে সবার আগে। দুই মাসেরও বেশি সময় স্থগিত থাকার পর স্বাস্থ্য সুরক্ষা মেনে দর্শকশূন্য স্টেডিয়ামে কঠোর নিয়মের মধ্যে শনিবার শুরু হয়েছে খেলা।

ইংলিশ প্রিমিয়ার লিগে ফুটবলারদের জন্য জারি করা হয়েছে নির্দিষ্ট কিছু গাইডলাইন। যার মধ্যে ট্রেনিংয়ের সময় সামাজিক দূরত্ব মেনে চলা, ফুটবলারদের একে অপরকে স্পর্শ করার বিষয়ে নানাবিধ নির্দেশিকা জারি হয়েছে। এছাড়াও নিয়মিত যোগাযোগ ও শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে হবে সকলের। আর সপ্তাহে দুই বার সবার করোনা ভাইরাস পরীক্ষা করার কথাও জানানো হয়েছে তাতে। অনুশীলন শেষে কর্নার পতাকা, বল, কোণ, গোলপোস্ট, খেলার প্লেস এবং অন্যান্য সরঞ্জাম জীবাণুমুক্ত করতে হবে। প্রত্যেক দলের ফুটবলার, ম্যানেজার, ক্লাবের চিকিত্সক, বিশেষজ্ঞ কমিটি এবং সর্বোপরি সরকারের সম্মতিতেই পুরো সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।