করোনায় কৃষিক্ষেত্রে সৃষ্ট সংকট উত্তরণে একযোগে কাজ করতে হবে ------ স্পিকার

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কৃষিজাত পণ্যসমূহ নষ্ট হওয়ার আগেই সঠিক সময়ে সংরক্ষণ, বিপণন ও বাজারজাতকরণে সচেষ্ট হতে হবে। বর্তমান করোনা পরিস্থিতিতে কৃষিক্ষেত্রে সৃষ্ট সংকট থেকে উত্তরণে সকলকে একযোগে কাজ করতে হবে। রংপুরের পীরগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মঙ্গলবার ‘কৃষিপণ্যের বাজারজাতকরণ বিষয়ক কৃষক মতবিনিময় সভা’ শীর্ষক এক ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্পিকার বলেন, করোনা সংকটের মধ্যে উদ্ভূত কৃষিক্ষেত্রের বিভিন্ন সমস্যা সমাধানে আমরা চেষ্টা করে যাচ্ছি। কৃষকের পাশাপাশি দুগ্ধ-খামারিরাও যেন ক্ষতিগ্রস্ত না হন সংশ্লিষ্ট সকলকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। দুধ যেন নষ্ট না হয় এবং দুগ্ধ-খামারিরা যেন ন্যায্যমূল্যে দুধ বিক্রি করতে পারেন—সেজন্য সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শিরীন শারমিন বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য এ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুধু করোনা পরিস্থিতিতেই নয়, বছরব্যাপী সারাদেশে কৃষির আরো প্রসার ঘটাতে কৃষিখাতে সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। স্পিকার আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরামর্শ দিয়েছেন বাড়ির আনাচে-কানাচে কোনো জায়গা যেন অনাবাদি না থাকে। তাই বসতবাড়িতে সবজি চাষের যে অগ্রযাত্রা পীরগঞ্জে লক্ষ্য করা যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ সকলের জন্যই অনুকরণীয়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পীরগঞ্জ উপজেলার ১৬ জন কৃষকের সঙ্গে শাকসবজির বাজার ব্যবস্থাপনা, বর্তমানে কৃষকদের শাকসবজির বিক্রিত মূল্য, ভোক্তাদের শাকসবজি কেনার মূল্য, বর্তমানে শাকসবজির উত্পাদন, শাকসবজির উত্পাদন লক্ষ্যমাত্রা, শাকসবজি উত্পাদনে সমস্যাবলী ও সমাধান সম্পর্কে মতবিনিময় করেন স্পিকার।