বাংলাদেশ পাক পাঞ্জাতন পরিষদের সভাপতি পান্নু মিয়ার দাফন সম্পন্ন

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি দরবার শরিফের পির বাংলাদেশ পাক পাঞ্জাতন পরিষদের সভাপতি হজরত শাহ্ মোখলেছুর রহমান (পান্নু মিয়া) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। তিনি বুধবার ভোর ৬টায় গড়পাড়া গ্রামে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার শিক্ষাজীবন শুরু হয় মানিকগঞ্জ মডেল হাই স্কুল থেকে। পরবর্তিতে তিনি তেরশ্রী কালী নারায়ণ ইনস্টিটিউট স্কুল থেকে মেট্রিক পাশ করে দেবেন্দ্র কলেজে ভর্তি হন। তিনি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্র সংসদে ১৯৬১-৬২ এজিএস ও ১৯৬২-৬৩ সালে জিএস পদে নির্বাচিত হন। এছাড়াও তিনি মানিকগঞ্জ মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সময়ে সেক্রেটারি ছিলেন। তিনি দেবেন্দ্র কলেজ থেকে বিএ পাশ করে জগন্নাথ কলেজ থেকে এলএলবির প্রথম পর্ব শেষ করেন। তিনি ২০০৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শ্রেষ্ঠ সুফি পদক গ্রহণ করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইস্রাফিল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্রসাশন ও পুলিশের কঠোর ব্যবস্থাপনায় সামাজিক নিরাপত্তা বজায় রেখে গড়পাড়া ইমামবাড়ি দরবার শরিফের আঙ্গীনায় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।