ঈদ উত্সবের চেয়ে জীবন রক্ষা অতীব জরুরি : নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ঈদ উত্সবের চেয়ে জীবন রক্ষা অতীব জরুরি। করোনা ভাইরাস আতঙ্ক সামনে রেখে ঈদের কোনো উত্সব হতে পারে না। যদি জীবন রক্ষা করতে হয়, ঈদ মার্কেট হাটবাজার এবং বাইরে ঘোরাফেরা বন্ধ করতে হবে। গ্রামে কমবেশি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করলেও ঢাকা এবং বড়ো বড়ো শহরগুলোতে ঈদ মার্কেটের নামে এক শ্রেণির অর্বাচিন মানুষ কেনাকাটা ও ঘরে ফেরার প্রতিযোগিতা শুরু করেছে। এই প্রতিযোগিতা করোনা ভাইরাসকে সামাজিক পর্যায়ে ভয়ংকর দিকে ঠেলে দিচ্ছে এবং দেশ বিপর্যয়ের মুখে পড়বে।

গতকাল বুধবার কাজীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মোহাম্মদ নাসিম তার ব্যক্তিগত অর্থায়নে ‘ঈদ উপহার’ সেমাই, ময়দা, চিনিসহ খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত কর্মহীন শ্রমজীবী মানুষের উদ্দেশে এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, শহিদ এম মনসুর আলীর পরিবার সিরাজগঞ্জ-কাজীপুরের মানুষের সুখে দুঃখে সবসময় কাছে ছিল, এখনো আছি এবং ভবিষ্যতে থাকব। তিনি জোর দিয়ে বলেন, এমন দুর্যোগের মধ্যে বারবার এলাকায় ফিরে আসছি একটি কারণে তা হলো স্থানীয় প্রশাসন এবং দলের নেতাকর্মীদের সাহস জোগান এবং উত্সাহিত করার পাশাপাশি আমাদের প্রিয় জনগণকে সাহায্য-সহযোগিতা করার জন্য। যতক্ষণ সুযোগ এবং মানসিক শক্তি আছে, ততক্ষণ সিরাজগঞ্জ ও কাজীপুর মানুষের জন্য কাজ করে যাব।

কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, সাবেক সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক আবু সায়েম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।