করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শীর্ষ অবস্থানকে একদিক থেকে ‘গর্বের’ বিষয় হিসেবে দেখছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, এটি তার দেশের জন্য ‘সম্মানের।’ মঙ্গলবার হোয়াইট হাউজে তিনি সাংবাদিকদের বলেন, বেশি আক্রান্ত হওয়ার ঘটনাই প্রমাণ করে যে, তার দেশে সব থেকে বেশি টেস্ট হয়েছে।
বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও প্রাণহানির তথ্য প্রকাশ করে আসা জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্র করোনা আক্রান্ত এবং মৃত্যু উভয় দিক দিয়ে শীর্ষে অবস্থান করছে। ট্রাম্প বলেন, আমি বিষয়টিকে এভাবে দেখছি যে, একদিক থেকে ব্যাপারটা সম্মানের। কারণ, অন্য যে কোনো দেশের তুলনায় আমরা অধিক সংখ্যক পরীক্ষা করেছি। ফলে আমাদের আক্রান্তের সংখ্যা বেশি হলেও এটিকে আমি খারাপ হিসেবে দেখছি না। অধিক সংখ্যক শনাক্তের অর্থ হচ্ছে, আমাদের পরীক্ষা পদ্ধতি অনেক ভালো। পরীক্ষার পদ্ধতি এবং এর সঙ্গে জড়িত বিপুল সংখ্যক পেশাদারের কাজের বড়ো ধরনের স্বীকৃতিও এটি। অন্যান্য দেশগুলো যদি আরো ব্যাপক হারে পরীক্ষা করে তবে সেখানেও বিপুল সংখ্যায় পজিটিভ রোগী বেরিয়ে আসবে বলে ট্রাম্প মনে করেন।—বিবিসি