বাংলাদেশ-ভারতের মধ্যে আরো দুইটি রুট ও পাঁচটি করে ‘পোর্ট অব কল’ সংযোজন

বাংলাদেশ-ভারতের মধ্যে অভ্যন্তরীণ জলপথ ব্যবহার ও বাণিজ্য বিষয়ে প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেডের (পিআইডব্লিউটিটি) আওতায় আগের ছয়টি ‘পোর্ট অব কলের’ সঙ্গে আরো পাঁচটি করে নতুন এবং দুটি করে এক্সটেনডেড কল যুক্ত হয়েছে। একই সঙ্গে আগের আটটি নৌ-প্রটোকল রুটের সঙ্গে দাউদকান্দি-সোনামুড়া ও সোনামুড়া-দাউদকান্দি রুট দুটি সংযোজন হয়েছে। গতকাল বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পিআইডব্লিউটিটির দ্বিতীয় এই সংযোজনীপত্র সই হয়। এতে সই করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্উদ্দিন চৌধুরী ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। এ সময়  মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন । গতকাল ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।