করোনায় আক্রান্ত হয়ে পুলিশ বাহিনী থেকে প্রথম মৃত্যুবরণকারী কুমিল্লার জসিম উদ্দিনের পরিবার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) অনুদান পেয়েছে। এছাড়া ঝুঁকিভাতা হিসেবেও জসিমের পরিবারকে দেওয়া হয়েছে ৫ লাখ টাকার চেক।
বুধবার (২০ মে) বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে জসিম উদ্দিনের বাড়িতে গিয়ে পরিবারের কাছে আইজিপি অনুদান এবং ৫ লাখ টাকার চেক তুলে দেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। এসময় পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
এর আগে জসিমের কবর জিয়ারত করেন পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জসিম উদ্দিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী থানায় কর্মরত ছিলেন। গত ২৮ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, করোনাযুদ্ধে পুলিশ বাহিনী থেকে দেশে প্রথম মারা গেছেন জসিম উদ্দিন। তার এ শূন্যতা পূরণ হবার নয়। আইজিপি মহোদয়ের ঈদসামগ্রী ও ৫ লাখ টাকার চেক জসিমের পরিবারের হাতে তুলে দিয়েছি। বাংলাদেশ পুলিশ এ পরিবারটির পাশে সবসময় থাকবে।
ইত্তেফাক/এসআই