কর্মহীন মানুষের মাঝে রংপুর চেম্বারের খাদ্যসামগ্রী বিতরণ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ও করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া রংপুরের নিম্ন আয়ের মানুষ অর্থাৎ শ্রমিক, দিনমজুর, বস্তিবাসী, দোকান কর্মচারী, আদিবাসী সম্প্রদায় এবং অসচ্ছল ও দুঃস্থ তিন হাজার পরিবারের কষ্ট লাঘবের উদ্দেশ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

বুধবার (২০ মে) থেকে ঈদের আগের দিন পর্যন্ত রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে রংপুরের বিভিন্ন স্পটে পর্যায়ক্রমে খাদ্যসামগ্রী বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়।

এ উপলক্ষে দুপুরে রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান ও রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের নিকট ৭৫০ প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তরের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু ও সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপনসহ চেম্বারের পরিচালকবৃন্দ।  

সুষ্ঠুভাবে খাদ্য সামগ্রী বিতরণের লক্ষ্যে রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসানের মাধ্যমে ৫০০ প্যাকেট ও রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের মাধ্যমে  ২৫০ প্যাকেট খাদ্যসামগ্রী এবং  বাকী ২ হাজার ২৫০ প্যাকেট ত্রাণ সামগ্রী রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া শ্রমিক, দিনমজুর, বস্তিবাসী, দোকান কর্মচারী, আদিবাসী সম্প্রদায় এবং অসচ্ছল ও দুঃস্থ  মানুষের মাঝে ঈদের আগের দিন পর্যন্ত পর্যায়ক্রমে বিতরণ করবেন।

আরো পড়ুন: বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিবের আজ জন্মদিন

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫ কেজি, লবণ ৫০০ গ্রাম, পেঁয়াজ ১ কেজি , তেল ৫০০ মিলি, ডাল ১ কেজি, সাবান ১টা,  মুড়ি ৪০০ গ্রাম, প্যাকেট দুধ ৫০০ মিলি, লাচ্ছা সেমাই ৪০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, বেকারি বিস্কুট ৪০০ গ্রাম ও মিস্টি কুমড়া ১ পিস। করোনা ভাইরাসের কারণে শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ায় খাদ্য সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষ অর্থাৎ শ্রমিক, দিনমজুর, বস্তিবাসী, দোকান কর্মচারী, আদিবাসী সম্প্রদায় এবং অসচ্ছল, দুঃস্থ ও গরীব লোকজন। রংপুর চেম্বার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করে।

ত্রাণ সামগ্রী বিতরণকালে চেম্বারের পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- মো. রিয়াজ শহিদ শোভন, মো. আশরাফুল আলম আল আমিন, মো. আমজাদ হোসেন চৌধুরী, মো. ওবায়দুর রহমান রতন, মো. জুলফিকার আজিজ খান ভুট্টু, খেমচাঁদ সোমানী রবি ও চেম্বার সচিব ড. মো. রেজা-উন-নূর।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল করোনা সংকট মোকাবেলায় রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে রংপুরের বিভিন্ন স্পটে অসহায় হতদরিদ্র, গরীব, দুস্থ ১৮’শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 
 

ইত্তেফাক/এএএম