মনের বিষ পুকুরে, মরলো ৫ লাখ টাকার মাছ

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ৫ লাখ টাকার মাছ নিধনের খবর পাওয়া গেছে। বুধবার ভোররাতে জেলার সদর উপজেলার সুহিলপুরে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তের সন্দেহের তীর প্রতিপক্ষের দিকে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

স্থানীয়রা জানান, সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মধ্যপাড়ার আল কামাল আজাদ একই এলাকার কেন্দু বাড়ির জাহাঙ্গীর গার্ডেনে একটি পুকুর তিন বছরের জন্য ইজারা নিয়ে বিভিন্ন ধরনের মাছের চাষ করে আসছিলেন। এলাকার আধিপত্যসহ বিভিন্ন বিষয় নিয়ে একই গ্রামের মোখলেছুর রহমান ও খোকন মিয়ার সঙ্গে তার বিরোধ চলছিল। গত ৫ মে আজাদের পুকুরের পাহারাদারকে বেধড়ক মারধর করা হয়। থানায় অভিযোগ দিলে প্রতিপক্ষের লোকজন মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন হুমকি দিয়ে আসছিল। এর জেরে বুধবার ভোর রাত প্রায় ৩টার দিকে তারা সীমানা প্রাচীর টোপকে পুকুরে বিষ দেয়। বৃহষ্পতিবার সকাল থেকে সারাদিন পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে। 

আরও পড়ুন: ট্রেনে চড়ে ঢাকায় যাবে রাজশাহীর আম, খরচ সর্বোচ্চ দেড় টাকা

মাছ চাষী আল কামাল আজাদ জানান, পুকুরই ছিল আমার একমাত্র সম্বল। অভিযোগ দিয়েছে। কিন্তু পুলিশ এখনও তদন্ত করতে আসেনি। 

সদর থানার অপারেশন অফিসার ইশতিয়াক আহমেদ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ইত্তেফাক/এসি