আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা আজ

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা আজ বুধবার বেলা ১১টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে শেখ হাসিনা নির্বাচন সামনে রেখে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। একই সঙ্গে বৈঠকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার নেওয়া হবে। দলটির সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ দলীয় ফরম ক্রয়কারীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

ওবায়দুল কাদের গতকাল সাংবাদিক সম্মেলনে বলেন, মনোনয়ন কাকে দেওয়া হবে তা জানেন দলের সভানেত্রী। পুনঃতফসিলের কারণে তাড়াহুড়ো করার কিছু নেই। দলের মনোনয়ন তালিকা চূড়ান্ত হতে ৪-৫ দিন সময় লাগবে। এখন প্রার্থীদের সার্ভে রিপোর্ট পর্যালোচনা করা হচ্ছে। নির্বাচনে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আগে নিজেদের মনোনয়ন নিশ্চিত করে পরে জোট শরিকদের আসন বণ্টন হবে।

২৯৩ আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৪ হাজার ২৩ জন। ৭টি আসনে রয়েছে একক প্রার্থী। যেসব আসনে একক প্রার্থী হিসাবে মনোনয়নপত্র ক্রয় করেছেন সেগুলো হলো, গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, গোপালগঞ্জ-২ আসনে প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বরিশাল-১ আসনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শেখ হাসনাত আবদুল্লাহ, বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসন থেকে শেখ সালাহ উদ্দীন জুয়েল, মৌলভীবাজার-১ আসন থেকে শাহাবুদ্দিন, নোয়াখালী-৫ আসন থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।