স্পোর্টস রিপোর্টার
আইপিএলের নির্ধারিত সময় চলে গেছে। ভারতের করোনা ভাইরাস পরিস্থিতি প্রতিনিয়ত খারাপ হচ্ছে। ফলে এই টুর্নামেন্টের এবারের আসর আদৌ আর আলোর মুখ দেখবে কি না, এ নিয়ে আছে সংশয়। কিন্তু এতো কিছুর মধ্যেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বলছে, তারা এখনো এই আসর আয়োজনের ব্যাপারে আশাবাদী।
কবে এই সংকট কাটিয়ে ক্রিকেট মাঠে ফিরবে, তা এখনো বলার সময় আসেনি। তবে ইঙ্গিত আছে যে, ক্রিকেট ফিরতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেট পিছিয়ে দিয়ে হলেও আগে আইপিএল আয়োজন করা হবে। আর তেমন হলে ক্রিকেটারদের অংশ না নেওয়ার স্বাধীনতা দিয়ে রাখতে চায় বিসিসিআই।
বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জহুরী বলেছেন, তারা খেলোয়াড়দের ও সমর্থকদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে চান। সম্প্রতি আরেক বছর চাকরির মেয়াদ বাড়া জহুরী বলছিলেন, ‘আমাদের খেলোয়াড়দের ব্যক্তিগত স্বাস্থ্য চিন্তাটা সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। প্রত্যেকের অধিকার আছে নিজের নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার। আর আমরা সেটাকে শ্রদ্ধা জানাব।’
ইতিমধ্যে ভারতীয় সরকার কিছু কিছু প্রদেশে খেলা শুরু করার অনুমতি দিয়েছে। কিন্তু বিসিসিআই এখনই সে সুযোগ নিচ্ছে না। জহুরী বলেছেন, তারা এখনই আইপিএল নিয়ে ভাবছেন না, ‘আমাদের মনোভাব হলো, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। আমরা ভারত সরকারের নির্দেশনা অনুসরণ করে চলব। সরকার যে নির্দেশনা দেবেন, আমরা সেটা অনুসরণ করব। আমরা জানি না, আমাদের সামনে কী আছে। আপনি যদি বিসিসিআইয়ের নোটিশ দেখেন, তাহলে দেখবেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্রিকেট স্থগিত। আমরা এখন বিভিন্ন সংস্থার সঙ্গে আমাদের আলাপ চালিয়ে যাচ্ছি।’
ভারতীয় খেলোয়াড়রা গত মার্চ থেকে লকডাউনে আছেন। ভারতের সামনের সিরিজ হলো শ্রীলঙ্কায়। সে দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় শ্রীলঙ্কা এই সিরিজটি আয়োজন করতে চাচ্ছে। কিন্তু আন্তর্জাতিক বিমান যোগাযোগ বন্ধ ও অনুশীলন না থাকায় এই সিরিজের ভাগ্য অনিশ্চিত। জহুরী বলছেন, নতুন করে ক্রিকেট শুরু কেবল এই বর্ষা মৌসুমের পরেই হতে পারে, ‘সবচেয়ে আগে ক্রিকেট শুরু হতে পারে, চলতি বর্ষা মৌসুমের পর। সেই সময় একটা উইন্ডো পাওয়া যাবে।