স্পোর্টস রিপোর্টার
ক্রিকেটে এই শ্রীলঙ্কার ওপরই প্রথম আঘাত করেছিল করোনা ভাইরাস। ইংল্যান্ডের বিপক্ষে চলমান হোম সিরিজ বাতিল হয়েছিল। ফিরে গিয়েছিল ইংল্যান্ড। সেই শ্রীলঙ্কাই আবার ধাক্কা সামলে প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছে। তার অংশ হিসেবে ১ জুন থেকে অনুশীলন শুরু করতে যাচ্ছে শ্রীলঙ্কা জাতীয় দল।
শ্রীলঙ্কার কোচ মিকি আর্থার বলেছেন, গত সপ্তাহে তিনি জাতীয় দলের দুই অধিনায়ক দিমুথ করুনারত্নে ও লাসিথ মালিঙ্গার সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। এছাড়া সহকারী কোচ গ্রান্ট ফ্লাওয়ার, এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা ও প্রধান নির্বাচক অশন্থা ডি মেল ছিলেন এই আলোচনায়।
আর্থার বলেছেন, ‘গত বুধবার আমরা একটা দ্রুত মিটিং করেছি। কারণ, আমরা ১ জুন থেকে শুরু করার একটা পরিকল্পনা করছি। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একবার অনুমতি পেলে কাঠামো নিয়ে আলাপ করব। এরপর অধিনায়ক ও অন্যদের সঙ্গে আলাপ করব। আমরা ছোট্ট একটা দল নিয়ে অনুশীলন করব। সম্ভবত শুরুতে শুধু ফাস্ট বোলারদের বেশি গুরুত্ব দেব।’