স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী শহরে নতুন তিন জনসহ জেলায় ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শহরের দুই জন বাবা-মেয়ে। নতুন চালু হওয়া রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে বুধবার নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, বুধবার ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৭টি নমুনার রিপোর্ট এসেছে। ত্রুটি থাকায় বাকি ১৭টি নমুনার রিপোর্ট আসেনি। বুধবার দিবাগত রাত ১টার দিকে নমুনা পরীক্ষা শেষ হয়।
খাগড়াছড়িতে চার স্বাস্থ্যকর্মীসহ আরো ছয় জন আক্রান্ত
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়িতে চার স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ জন। এছাড়া এক জনের শরীরে দ্বিতীয় দফা নমুনায়ও পজিটিভ এসেছে। খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানিয়েছেন, নতুন আক্রান্ত ছয় জনের মধ্যে চার জন জেলার মহালছড়ি হাসপাতালের স্বাস্থ্যকর্মী।
পূর্বধলায় আরো ১০ জনের করোনা শনাক্ত
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা জানান, পূর্বধলা উপজেলায় বুধবার নতুন করে আরো ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। রাত সাড়ে ১১টায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. হাবীবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ১৮ মে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল।
মহালছড়িতে আরো সাত জনের করোনা শনাক্ত
মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা জানান, মহালছড়িতে আরো সাত জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। বুধবার রাত ১২টার পর এ তথ্য নিশ্চিত করেছেন মহালছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের ফোকাল পারসন সুরেশ চাকমা।
রামগঞ্জে আরো পাঁচ জনের করোনা শনাক্ত
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, রামগঞ্জে আরো পাঁচ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে রামগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ১৭ জন, মৃত্যুবরণ করেছেন এক জন। বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা গুনময় পোদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন।
মির্জাপুরে বাবার পর মেয়ে আক্রান্ত
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, মির্জাপুরে বাবার পর এবার মেয়েও করোনায় আক্রান্ত হয়েছে। শিশুকন্যার বয়স ৯। এর আগে গত ১১ মে তার বাবা মির্জাপুর কৃষি অফিসের কর্মচারী করোনায় আক্রান্ত হন। করোনা ভাইরাস চলমান পরিস্থিতিতে মির্জাপুরে করোনা ভাইরাস সন্দেহে ৫৯০ জনের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
ওসমানীনগরে আরো দুই জন করোনা আক্রান্ত
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা জানান, ওসমানীনগরে নতুন করে দুই জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ বছরের এক শিশু রয়েছে। এছাড়া অন্য জন করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া রিকশাচালক মো. হাবিব মিয়া। বুধবার মধ্যরাতে করোনা শনাক্তের রিপোর্ট পাওয়া যায়। এ নিয়ে ওসমানীনগরে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ।
কিশোরগঞ্জে আরো দুই জনের করোনা পজিটিভ
কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা জানান, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আরো দুই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার রাতে তাদের ফলাফল পজিটিভ আসে। কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু শফি মাহমুদ জানান, ১৭ মে ঐ দুজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে দিনাজপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়।
বেতাগীতে স্বাস্থ্য সহকারী করোনায় আক্রান্ত
বেতাগী (বরগুনা) সংবাদদাতা জানান, বেতাগীতে এক জন চিকিত্সকের পর এবার নতুন করে এক স্বাস্থ্য সহকারীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী। এ নিয়ে উপজেলায় এ পর্যন্ত মোট পাঁচ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেং মং বিষয়টি নিশ্চিত করেছেন।