বরিশাল অফিস
ঘূর্ণিঝড় আম্ফানের কারণে বরিশালে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সহায়তা বিতরণ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এই সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এসময় ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে দুই বান ঢেউটিন, শুকনা খাবার ও নগদ ৬ হাজার টাকার চেক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল সদরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশাসন কুমার রায়, বরিশাল সদর উপজেলা পিআইও মো. কামরুজ্জামান, চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এছাড়াও লামছড়ি গ্রামের আরো ১৫টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী হিসেবে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
পরে সেখান থেকে বরিশাল সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ জাগুয়া শরিফ বাড়ি ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুকনা খাবার, দুই বান ঢেউটিন, নগদ ৬ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস এম অজিয়র রহমান। সেখানে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা প্রশাসনের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ। সেখানেও জেলা প্রশাসনের পক্ষ থেকে আশপাশের ১৫টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী হিসেবে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়।