ঈদে কেনাকাটা না করে দরিদ্র মানুষকে সাহায্য করুন : নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি এবারের ঈদে কেনাকাটা না করে দরিদ্র-অসহায় মানুষদের সাহায্য করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করার লক্ষ্যে এবার যে যেখানে আছেন, সেখানেই ঈদ করুন। অহেতুক বাইরে ভিড় করে বিপদ ডেকে আনবেন না।

গতকাল বৃহস্পতিবার দরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে রাজধানীতে অসহায়-দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। মোহাম্মদ নাসিমের নির্দেশে ১৪ দলের পক্ষে গতকাল রাজধানীর মিরপুর ৬ নম্বর ও কালসি এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জের কাজীপুরের বাসিন্দাদের মধ্যে যেসব রিকশা ও ভ্যানচালকসহ দরিদ্র মানুষ মিরপুর-৬ নম্বর কালসি এলাকায় আছেন তাদের মাঝেও ত্রাণ বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ২০০ প্যাকেট ত্রাণ দেওয়া হয়। পরে মোহাম্মদ নাসিম ফোনে এ তথ্য জানিয়ে আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছেন। যে কোনো দুর্যোগ সাহসের সঙ্গে মোকাবিলার প্রস্তুতি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আছে।

এদিকে গত বুধবারও মিরপুরের বিভিন্ন এলাকায় ১৫০ জন দরিদ্র মানুষকে ত্রাণ দেওয়া হয়েছে। ১৪ দলের পক্ষ থেকে উল্লিখিত ৩৫০ প্যাকেট ত্রাণ দরিদ্রদের হাতে প্রদান করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম মজনু।