ইত্তেফাক রিপোর্ট
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নিজস্ব তহবিল থেকে ৮৬ হাজার দুস্থ ও অসহায় পরিবারকে ঈদ-উপহার পাঠানো হবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এ কথা জানান তিনি। যেসব পরিবার ইতিমধ্যে মানবিক সহায়তা, ওএমএস কার্ড এবং অন্য কোনোভাবে ত্রাণসামগ্রী পাননি মেয়র তাদের মধ্যে এসব ঈদ-উপহার বিতরণের নির্দেশ দেন। কোনো পরিবারকে যেন একাধিকবার ঈদ-উপহার দেয়া না হয় সেজন্য তিনি সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন। ঈদ-উপহারের প্রতিটি প্যাকেটে থাকবে চিনি এক কেজি, সুজি ৫০০ গ্রাম, মসুর ডাল এক কেজি, মিনিকেট চাল দুই কেজি, ময়দা এক কেজি ও গুঁড়া দুধ ২৫০ গ্রাম।